নোয়াখালীতে শিবিরের ঝটিকা মিছিল, আটক ৫
গ্রেপ্তার ও পুলিশি বাধা এড়াতে নোয়াখালী জেলা শহরে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আজ বুধবার ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে ইসলামিয়া সড়ক ও ইসলামবাগ আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ।আটক হওয়া কর্মীরা হলেন মাহবুবুল আলম, আবদুল মান্নান, মো. ওমর ফারুক, মো. হিরন ও মাহাবুবুল হক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে ছাত্রশিবিরের শতাধিক কর্মী জেলা জামে মসজিদ থেকে বের হয়ে প্রধান সড়কে পৌঁছেই স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মিছিলকারীদের ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে ইসলামিয়া রোডের পাশে ও ইসলামবাগ আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ।সুধারাম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মিনু বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।