নোয়াখালীতে শিশু ও ছাত্রীসহ পরিবারের তিনজন এসিডদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে শিশু, ছাত্রীসহ একই পরিবারের তিনজন এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। তারা হলো স্থানীয় সাইদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ফারহানা আক্তার (১৪), তার বড় বোন রৌশনারা (২৪) ও রৌশনারার ছেলে লিয়ান বিন অভি (৪)। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার মতিপুর গ্রামের ইতালি-প্রবাসী সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজনের সহায়তায় ওই তিনজনকে গতকাল বুধবার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফারহানা আক্তারকে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।এ খবর গতকাল মাদ্রাসায় ছড়িয়ে পড়লে ফারহানার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। পরে ছাত্রী ও শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে মাদ্রাসা ক্যাম্পাসে মানববন্ধন করেন এবং এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।রৌশনারা প্রথম আলোকে জানান, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা তাঁদের ঘরের পেছন দিকে সিঁধ কেটে ভেতরে ঢোকে। এরপর তারা ঘুমন্ত ফারহানাকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এসিডে ফারহানার বাঁ চোখসহ মুখ ও মাথা ঝলসে যায়। এসিডে তাঁর নিজের চিবুক এবং ছেলের পিঠ ও কানের কিছু অংশ ঝলসে গেছে।রৌশনারা অভিযোগ করেন, এলাকার সুনাম, সজিব, রাজু ও বিহারী শরিফ তার দুই বোন ফারহানা ও সেলিনাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এসিড নিক্ষেপের সঙ্গে ওরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আলী আকবর প্রথম আলোকে জানান, মাদ্রাসার পার্শ্ববর্তী হাসানের দোকানে ওই যুবকেরাসহ আরও কিছু বখাটে প্রায়ই আড্ডা দেয়। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে ওরা। তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে এসব বখাটেকে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন।মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন বলেন, এটি বখাটেদেরই কাজ। কারণ, এসিডে আক্রান্ত ফারহানা ও তার বোনকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করত। তা ছাড়া ফারহানার বাবা ইতালিপ্রবাসী সোহরাব হোসেনের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার দাস বলেন, প্রাথমিকভাবে রোগীদের দেখে এসিডদগ্ধ বলে মনে হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী জানান, তিনি ঘটনা শোনার পরই অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ঘটনাটি রহস্যজনক। কারণ, যে বখাটেদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি, যার জন্য তারা এসিড ছুড়তে পারে।