নোয়াখালীতে সাংসদ একরামের ‘খলিফার শাসন’!
নিয়োগ বদলির নিয়ন্ত্রণ করেন বেলালউদ্দিন এলজিইডির দরপত্র শহিদুল্লাহ পাউবো, সওজ, স্বাস্থ্য ও গৃহায়ণের দরপত্র নিয়ন্ত্রণ করেন জিয়া ও জেহাননোয়াখালীতে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ এবং নিয়োগ, বদলিসহ সবকিছুই সাংসদ (নোয়াখালী-৪) একরামুল করিম চৌধুরীর নিয়ন্ত্রণে। তবে সাংসদের হয়ে সব তদারক করেন তাঁর অনুগত জেলা আওয়ামী লীগের চার নেতা।‘চার খলিফা’ উপাধি পাওয়া এই নেতাদের নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খলিফাদের অনুমোদন ছাড়া কেউ কোনো কাজের দরপত্র জমা দিতে পারেন না। যে ঠিকাদার দরপত্র পাবেন, তাঁকে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। তবে এসব বিষয়ে কেউ প্রকাশ্যে বা নিজের নাম-পরিচয় প্রকাশ করে কথা বলতে সাহস পান না।জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল অদুদের কাছে গত দুই বছরের উন্নয়নমূলক কাজের তথ্য জানতে চাইলে প্রথমে তিনি খেপে ওঠেন। পরে বলেন, ‘আপনাকে তথ্য দিয়ে আমি নিজের পায়ে কুড়াল মারব নাকি?’গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড ও স্বাস্থ্য বিভাগের উন্নয়নকাজের তথ্য চাইতে গিয়েও এই প্রতিবেদককে একই রকম পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।সাংসদের চার খলিফা: জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, জেলার সদর আসনের সাংসদ হওয়ার সুবাদে একরামুল করিম চৌধুরী জেলার নিয়োগ, বদলি, ত্রাণ বিতরণ, সরকারি দরপত্রসহ সবকিছুতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। এই সবকিছু নিয়ন্ত্রণের জন্য তাঁর অনুগত চার নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।আলোচিত এই ‘চার খলিফা’ হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলালউদ্দিন আহম্মদ, প্রচার সম্পাদক জিয়াউল হক, উপপ্রচার সম্পাদক সামসুদ্দিন জেহান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খান। স্থানীয় ও দলীয় সূত্রগুলো জানায়, তাঁদের মধ্যে সরকারি নিয়োগ ও বদলিসংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন বেলালউদ্দিন আহম্মদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দরপত্র নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন শহিদুল্লাহ খান। জিয়াউল হক ও সামসুদ্দিন জেহান দেখভাল করেন পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, স্বাস্থ্য এবং গৃহায়ণ বিভাগের দরপত্র।প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, জেলার প্রতিটি উন্নয়নকাজের দরপত্রের পর বরাদ্দকৃত অর্থের ৫ শতাংশ চাঁদা আদায় করেন কথিত চার খলিফা। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের জন্য ৩ শতাংশ এবং যে উপজেলায় কাজ হয়, সেখানকার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জন্য ৩ থেকে ৪ শতাংশ টাকা আদায় করা হয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহিদুল্লাহ খান দাবি করেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য রটাচ্ছে। চাঁদাবাজি তো দূরের কথা, নোয়াখালীতে গত দুই বছরে দরপত্রের ব্যাপারে সামান্যতম অনিয়মের ঘটনাও ঘটেনি।’অভিযোগ অসত্য দাবি করেন সামসুদ্দিন জেহানও। তিনি বলেন, বিশেষ কোনো ব্যক্তির নিয়ন্ত্রণ নেই বলেই নোয়াখালীতে বিএনপিপন্থী ঠিকাদারেরাও কাজ পাচ্ছেন।জানতে চাইলে সাংসদ একরামুল করিম প্রথম আলোকে বলেন, সরকারি কোনো দপ্তরের উন্নয়নকাজের দরপত্রে তিনি হস্তক্ষেপ করেন না, উ ৎ কোচও নেন না। তবে তাঁর নাম বেচে দলের কোনো নেতা যদি এ ধরনের কাজ করে থাকেন, তাঁদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র জানায়, গত দুই বছরে নোয়াখালীতে সড়ক ও সেতু নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১২৭টি প্রকল্পে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৪৩ কোটি টাকা। একই সময়ে সড়ক ও জনপথের ২০টি প্রকল্পে ২৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হয়েছে।স্থানীয় পূর্ত বিভাগের একটি সূত্র জানায়, সাংসদের ইচ্ছাতেই দরপত্রের প্রাক্কলিত ব্যয় বাড়ানোর ঘটনাও ঘটছে। নোয়াখালীর প্রধান বিচারিক হাকিমের ভবন নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ টাকা। এখন ব্যয় বরাদ্দ ১৯ কোটিতে উন্নীত করতে সাংসদ তদবির করছেন।অবশ্য সাংসদ একরামুল করিম এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, দরপত্রের ব্যয় বাড়ানোর ব্যাপারে তিনি কোনো তদবির করেননি। বিএনপির নেতাদের সঙ্গে যৌথ ব্যবসা: স্থানীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের নেতাদের মধ্যে যাঁদের ঠিকাদারি লাইসেন্স আছে, কিন্তু বড় অঙ্কের কাজের দরপত্র জমা দেওয়ার জন্য সরকারি বিধান অনুযায়ী যোগ্য বিবেচিত হন না, তাঁরা বিএনপির সমর্থক বড় ঠিকাদারদের লাইসেন্স ব্যবহার করে দরপত্রে অংশ নিয়ে কাজ পাচ্ছেন। বিনিময়ে লাইসেন্সের মালিক বিএনপির নেতাও মোটা অঙ্কের টাকা পেয়ে থাকেন। সাংসদের চার খলিফার একজন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলালউদ্দিন আহম্মদও এ তথ্য স্বীকার করেছেন।পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল ইসলাম জানান, নিজেদের লাইসেন্স না থাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা তাঁর লাইসেন্স (মোস্তফা অ্যান্ড সন্স) ব্যবহার করেছেন। তিনি বলেন, তবে রাজনৈতিক কারণে প্রতিযোগিতামূলক দরপত্রে অংশ নেওয়ার সুযোগ বিএনপিপন্থী ঠিকাদারদের নেই। নিলেও তাঁরা কাজ পাবেন না।স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, হাতিয়ার বয়ারচরে বাঁধ নির্মাণের কাজ পেয়েছে মোস্তফা অ্যান্ড সন্স। মোস্তফা অ্যান্ড সন্সের নামে কাজ বরাদ্দ হলেও কাজটি করান জিয়াউল হক ও সামসুদ্দিন জেহান।বয়ারচরে এলজিইডির দুটি আলাদা দরপত্রের মাধ্যমে রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে সদর উপজেলা বিএনপির সহসভাপতি নিজামউদ্দিন ফারুক ও পৌর বিএনপির নেতা মোহাম্মদ ইসমাইলের লাইসেন্স। দুটি কাজের জন্য মোট বরাদ্দ ছিল সাড়ে পাঁচ কোটি টাকা। আর দুটি কাজই নিয়েছেন সাংসদের অনুগত নেতা শহিদুল্লাহ খান।জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু নাসের বলেন, ‘সাংসদের সঙ্গে যাঁর আর্থিক বনিবনা হবে, তিনি ঠিকাদারি পাবেন—এ সমীকরণে চলছে নোয়াখালী। সাংসদের পছন্দের তালিকায় বিএনপিপন্থী ঠিকাদারও আছেন। আওয়ামী লীগের কয়েকজন নেতা আমার লাইসেন্স ব্যবহার করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমি রাজি হইনি।’ ত্রাণেও দুর্নীতি: টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির ত্রাণের টাকা নিয়েও অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছর ত্রাণ মন্ত্রণালয় থেকে সাংসদের অনুকূলে ১২০টি প্রকল্পের জন্য মোট ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের উন্নয়ন ও সংস্কারের জন্য এই টাকা দেওয়া হয়।উপজেলার ত্রাণ বিভাগ জানায়, সরকারি নথিতে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ৫০ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ রয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া অন্তত পাঁচটি প্রতিষ্ঠান প্রথম আলোকে জানিয়েছে, তারা পাঁচ-দশ হাজার টাকার বেশি পায়নি।উপজেলার সরকারি নথিতে দেখা গেছে, উম্মেহানি মহিলা মাদ্রাসা ও উত্তর মাইজদী আবদুল গনি মিয়া মসজিদ সংস্কারের জন্য ৭৫ হাজার টাকা করে এবং ভাটিরটেক ওসমানিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার জন্য এক লাখ পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই তিন প্রতিষ্ঠানের সংস্কার কমিটির প্রধান যথাক্রমে ফখরুদ্দিন মামুন, আবদুল করিম ও জহিরুল হক প্রথম আলোকে জানান, তাঁরা মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়েছেন।জানতে চাইলে সাংসদ একরামুল করিম বলেন, ‘টিআর বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের বিষয়টি আমারও কানে এসেছে। তাই বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’নিয়োগ দুর্নীতি: সাংসদের তদবিরে চাকরি পাওয়া ব্যক্তিদের কাছ থেকে তাঁর কথিত চার খলিফার একজন বেলালউদ্দিন আহম্মদ উ ৎ কোচ গ্রহণ করেন বলে অভিযোগ আছে। তবে বেলালউদ্দিন আহম্মদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রশাসন নিয়মমাফিক জনবল নিয়োগ দিয়েছে। সাংসদের হয়ে তাঁর প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই।চলতি বছর ইউনিয়ন পরিষদের সচিব পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, এসব পদে দলীয় বিবেচনায় চারজনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ১৫ জন নিয়োগ পান টাকার বিনিময়ে।পুলিশ প্রশাসন সূত্র জানায়, পুলিশের কনস্টেবল পদে সর্বশেষ নিয়োগ পাওয়া ৪২ জনের মধ্যে ৩৬ জনই ছিলেন সাংসদ একরামুলের নিজ উপজেলা কবিরহাটের লোক।নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, গত আড়াই বছরে নোয়াখালীর পুলিশ বিভাগে ৩০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু মেধাতালিকা থেকে মাত্র কয়েকজনকে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে।সাংসদ একরামুল চৌধুরী দাবি করেন, নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পুলিশ সুপার কিছু লোকের ইন্ধনে আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য আমার সম্পর্কে অপপ্রচার করে বেড়াচ্ছেন।’থানার ওসিদের হুমকি: সম্প্রতি নোয়াখালীর পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে সাংসদ একরামুল করিম এবং তাঁর অনুগতদের টেন্ডারবাজি ও নিয়োগ-বাণিজ্য সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সাংসদের কথামতো না চললে জেলায় কাজ করতে পারবেন না বলে তিনি বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) হুমকি দিয়ে রেখেছেন।তবে নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, সাংসদ তাঁদের এজাতীয় কোনো হুমকি দেননি। ওই প্রতিবেদনে বলা হয়, নোয়াখালী জেলার বাসিন্দা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও নোয়াখালী অঞ্চলের সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য সাংসদ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পরামর্শ দিয়েছেন।অবশ্য জেলা প্রশাসক সিরাজুল হক প্রথম আলোকে বলেন, সাংসদ তাঁকে এমন কোনো পরামর্শ দেননি।পুলিশের এই প্রতিবেদন নিয়ে সাংসদ একরামুল করিম ঘোরতর আপত্তি তুলেছেন। তিনি বলেছেন, ‘কিছু লোক আমার সম্মান নষ্ট করার জন্য পুলিশ সুপারকে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে এই প্রতিবেদন তৈরি করিয়েছেন।’