নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন পৌর বিএনপির সেক্রেটারি ফারুক বাবুল (৪২ ), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ূন কবির (৩০), যুবলীগের কর্মী সজীব (২৩), ছাত্রলীগের কর্মী রানা (২৪), যুবদলের কর্মী সোহাগ (২৩) ও ছাত্রদলের কর্মী রাসেল (২০)। অন্য একজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে সজীবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সেনবাগ বাজারে এলে বিএনপির কর্মীরা স্মৃতিস্তম্ভে ফুল দিতে যান। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের স্মৃতিস্তম্ভে যেতে বাধা দেন। ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হয়েছেন।সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।