নোয়াখালীতে বিক্ষিপ্তভাবে পিকেটিং, টায়ারে অগ্নিসংযোগ, সড়কে গাছ ফেলে ব্যারিকেডের মধ্য দিয়ে বিএনপি ও জামায়াতের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। পুলিশ গতকাল রোববার রাতে শহরের দত্তেরহাট এলাকা থেকে চারজনকে আটক করেছে। জানা গেছে, দ্বিতীয় দিনের হরতালের শুরুতে আজ সোমবার সকাল সাতটার দিকে পিকেটাররা মাইজদী বাজার, দত্তেরহাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় পুলিশ পিকেটারদের ধাওয়া করে। এ ছাড়া পিকেটাররা দত্তেরহাট ও পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনের প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ইট ফেলে চলাচলে বাধা সৃষ্টি করে। সকাল পৌনে ১০টায় হরতালের সমর্থনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, সকালে দুই-একটি স্থানে পিকেটাররা ব্যারিকেড দিলেও পুলিশ তা সরিয়ে নেয়। এ সময় ধাওয়া করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।