নোয়াখালীতে হরতালে আটক ২৮, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, অগ্নিসংযোগ, পুলিশের লাঠিপেটা ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে আজ রোববার হরতাল পালিত হচ্ছে। এতে কর্তব্যরত সাংবাদিক, ক্যামেরাম্যান, সাধারণ পথচারী ও বিএনপির কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার থেকে আজ বেলা ১১টা পর্যন্ত পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৮ জন কর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে শহরের মাইজদী বাজার এলাকায় পিকেটারদের কর্মকাণ্ডের ছবি তোলার সময় আরটিভির প্রতিনিধি মনির হোসেন ও ক্যামেরাম্যান মশিউর রহমান পিকেটারদের হামলায় আহত হন। সকাল আটটার দিকে দত্তেরহাট এলাকায় পুলিশের লাঠিপেটায় সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কলিম উদ্দিন ও কর্মী ফিরোজ, বিএনপির আবদুল মতিন, রিকশাচালক ইসমাইল, পথচারীসহ অন্তত আটজন আহত হন। হামলায় আহত মনির ও খোকনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ বলেন, পুলিশ তাঁদের কর্মীদের শান্তিপূর্ণ হরতাল পালনে বাধা দিচ্ছে। তাঁদের কর্মীদের লাঠিপেটা ও আটক করছে। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন বলেন, পিকেটিং করার অভিযোগে পুলিশ শহরের পৌরবাজার, পৌর কল্যাণ স্কুল ও দত্তেরহাট এলাকা থেকে ছয় পিকেটারকে আটক করেছে। গতকাল শনিবার রাতে জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী থেকে ২২ জন নেতা-কর্মীকে আটক করা হয়।