নোয়াখালীতে হরতালে পিকেটিং-গাড়ি ভাঙচুর, আটক ১৮
নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং, টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মধ্যদিয়ে বিএনপি ও জামায়াতের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। এ পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে পিকেটাররা জেলা শহরের দত্তেরহাট, থানা কাউন্সিল, পৌর কল্যাণ উচ্চবিদ্যালয় ও মাইজদী বাজার এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এ সময় পিকেটাররা থানা কাউন্সিল, মাইজদী বাজার ও বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় তিনটি পিকআপ ভাঙচুর করে। সকাল সাড়ে নয়টার দিকে দত্তেরহাট এলাকায় পিকেটিং করার সময় পুলিশ ছাত্রদলের কর্মী মো. রাজুকে (২০) আটক করে। জেলা পুুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৭ জনকে আটক করেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, পিকআপ ভ্যান ভাঙচুরসহ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথায়ও কোনো সহিংস ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।