নোয়াখালীতে হেফাজতের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া করা বাস ঢাকায় আসতে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা অবরোধ করেন হেফাজতে ইসলামের নোয়াখালীর কর্মীরা। আজ শুক্রবার সকাল সোয়া নয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হেফাজতের কর্মীরা চৌরাস্তা থেকে মিছিল নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যান। সেখানে তাঁরা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে তাঁরা অভিযোগ করেন, প্রশাসনের নিষেধাজ্ঞার কারণেই বাসমালিকেরা বাস বের করতে রাজি হচ্ছেন না। সমাবেশে হেফাজতে ইসলামের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন বলেন, প্রশাসন যদি তাঁদের কর্মসূচিতে যোগ দিতে বাস দিয়ে সহযোগিতা করে, তাহলে তাঁরা লংমার্চে যোগ দেবেন। না হলে প্রত্যেকে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।তবে, প্রশাসনের পক্ষ থেকে গাড়ির মালিকদের নিষেধ করার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘হরতাল-অবরোধের সময় বাসমালিকরা তো নিজেরাই গাড়ি রাস্তায় নামান না। হয়তো বর্তমান পরিস্থিতিতে তাঁরা নিরাপদ মনে করছেন না, যার কারণে বাস রাস্তায় নামাতে রাজি হননি।’আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা ঢাকায় লংমার্চে অংশ নিতে ৪০টি বাস ভাড়া করেন। আজ সকালে বাসমলিকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন থেকে লংমার্চের যাত্রীদের ভাড়ায় না যেতে নিষেধ করা হয়েছে, তাই তাঁদের পক্ষে বাস দেওয়া সম্ভব নয়।