নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
নোয়াখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে কামরুল হাসান টিপু (৩৪) নামের একজন নিহত হয়েছেন। জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।র্যাবের দাবি, নিহত টিপু কোম্পানীগঞ্জ, সোনাগাজী ও সন্দ্বীপ উপকূলীয় এলাকার ডাকাত বাহিনী টিপু বাহিনীর প্রধান ছিলেন। গতকাল রাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ মুছাপুর এলাকায় র্যাবের সঙ্গে টিপু বাহিনীর বন্দুকযুদ্ধে তিনুি নিহত হন। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হন। তাঁদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।ঘটনা সম্পর্কে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম নিজাম উদ্দিনের ভাষ্য, টিপু বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে র্যাব-১১-এর একটি দল দক্ষিণ মুছাপুর এলাকায় গতকাল রাতে অভিযান চালায়। এ সময় টিপু বাহিনীর সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে র্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় টিপুকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার উদ্ধার করেছে। আ ফ ম নিজাম উদ্দিন আরও জানান, নিহত টিপু কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভি জাহিদুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, সোনাগাজী ও সন্দ্বীপ থানায় ১৭টি মামলা আছে। এর মধ্যে সাতটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।