নোয়াখালী উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনীর প্রধান নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত (৩৫) র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। নিজাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরি গ্রামের রুহুল আমিনের ছেলে।গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিজামের বিরুদ্ধে হাতিয়া থানায় হত্যা, অপহরণ, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা রয়েছে। বেলা তিনটার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিজাম ডাকাতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।মুঠোফোনে জানতে চাইলে অভিযানে অংশ নেওয়া র্যা ব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম গতকাল সকালে বন্দুকযুদ্ধে নিজাম ডাকাত নিহত হওয়ার কথা নিশ্চিত করেন। পরে ঘটনা সম্পর্কে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, র্যা বের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, বুধবার রাতে নিজাম ডাকাত তাঁর বাহিনী নিয়ে পূর্ব চরবাটার সেন্টার বাজার এলাকার একটি বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে তারা গোপন সূত্রে খবর পায়। এরপর রাত সাড়ে তিনটার দিকে র্যা ব-১১-এর একটি দল ওই বাগানের কাছাকাছি যাওয়া মাত্র নিজাম ডাকাত বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা টিকতে না পেরে পালিয়ে যায়। পরে বাগানে তল্লাশি চালিয়ে এক ডাকাতের লাশ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন লাশটিকে নিজাম ডাকাতের বলে শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও নয়টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় চরজব্বার থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এদিকে নিজাম ডাকাত নিহত হওয়ার খবরে গতকাল সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা চরনঙ্গলিয়া, নলেরচর, কেরিংচরসহ বিভিন্ন স্থানে নিজাম বাহিনীর সদস্যদের খুঁজতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে চরনঙ্গলিয়ার কালাধুর এলাকা থেকে নিজাম বাহিনীর তিন সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা হলেন: জয়নাল বাহিনী (৩০), মো. সিরাজ (৫০) ও ফয়েজ কেরানী (৫২)।নিজাম ডাকাতের উত্থান: ২০১০ সালের ৬ জুলাই র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নোয়াখালী উপকূলের বন ও জলদস্যুসর্দার বাশার মাঝি নিহত হওয়ার পর তাঁর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত দলের দায়িত্ব পান। সেই থেকে নিজাম বাহিনী নোয়াখালী ও লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় মেঘনা নদীতে এবং উপকূলীয় স্থলভাগে একক আধিপত্য বিস্তার করে।