নোয়াখালী পৌরসভার তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই তিনটি কেন্দ্রে কেন পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।কেন্দ্র তিনটি হলো গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়।জানা যায়, গত ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচনে সহিংসতার অভিযোগে ১৭টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর পর ৬ এপ্রিল নির্বাচন কমিশন এক চিঠিতে ১৪টি কেন্দ্রে ১৬ এপ্রিল পুনরায় ভোট গ্রহণ এবং তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণার নির্দেশ দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র হারুনুর রশীদ আজাদ হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলা পরিচালনা করেন।