নোয়াখালীর পাঠক প্রথম আলো বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর পাঠকেরা গতকাল শুক্রবার প্রথম আলো পড়তে পারেননি। গতকাল ভোরে পত্রিকার গাড়ি পৌঁছার সঙ্গে সঙ্গে একটি পক্ষ প্রায় তিন হাজার কপি প্রথম আলো কিনে নিয়ে যায়। গতকালের প্রথম আলোর প্রথম পাতায় ‘নোয়াখালীতে সাংসদ একরামের “খলিফার শাসন”!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।একটি সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতের পর প্রথম আলোর অনলাইন সংস্করণ দেখে ত ৎপর হয়ে ওঠেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা। তাঁরা গতকাল ভোরে জেলা শহর, মাইজদী বাজার, চৌমুহনী ও কবিরহাট উপজেলায় প্রথম আলো বহনকারী মাইক্রোবাস পৌঁছার সঙ্গে সঙ্গে স্থানীয় এজেন্টদের কাছ থেকে প্রায় তিন হাজার কপি পত্রিকা কিনে নেন।চৌমুহনীর এজেন্ট নুরুল করিম প্রথম আলোকে জানান, ভোরে গাড়ি এসে পৌঁছার সঙ্গে সঙ্গে অজ্ঞাত একদল লোক এসে তাঁর কাছ থেকে ৭০০ কপি প্রথম আলো কিনে নিয়ে যান। তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে পারেননি।তবে জেলা শহর ও চৌমুহনীর ইন্টারনেট সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠকেরা লাইন ধরে প্রথম আলো অনলাইন সংস্করণ ও ই-প্রথম আলো থেকে সাংসদ একরামুলকে নিয়ে করা সংবাদের প্রিন্ট কপি সংগ্রহ করেন। অনেক পাঠককে পাশের এলাকা থেকেও প্রথম আলো সংগ্রহ করে পড়তে দেখা যায়।এ বিষয়ে জানতে গতকাল সাংসদ একরামুল করিমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। একই বিষয়ে জানতে যোগাযোগ করা হয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন কিরণের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘পত্রিকা কিনে নেওয়ার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়।’