নৌ, পর্যটন ও ক্যাম্পাস পুলিশ করার কথা ভাবছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাঞ্চল পুলিশের (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মতো নৌপথে নিরাপত্তার জন্য নৌ-পুলিশ, পর্যটন এলাকার জন্য পর্যটন পুলিশ ও শিক্ষাঙ্গনের জন্য ক্যাম্পাস পুলিশ গঠনের বিষয়টি বিবেচনা করছে সরকার। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর যাতে বেশি চাপ না পড়ে, সে জন্যই এসব বিশেষায়িত পুলিশ গঠন করা হচ্ছে।গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। তিনি ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।শিল্পাঞ্চল পুলিশের অনুমোদিত জনবল দুই হাজার ৯০ জন। কিন্তু আপাতত এক হাজার ৫৮০ জন সদস্য নিয়ে এই বিশেষ বাহিনী কাজ শুরু করছে। একজন ডিআইজির নেতৃত্বে আশুলিয়া, গাজীপুর ও চট্টগ্রাম—এই তিনটি এলাকায় শিল্পাঞ্চল পুলিশ কাজ করবে। অপারেশন, প্রশাসন ও গোয়েন্দা শাখা নিয়ে কাজ করবে এই পুলিশ।প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের ভরসার জায়গা হলো পুলিশ। মানুষ যেন সেই পুলিশকে আপন ভাবতে পারে। আমাদের দেশের মানুষ খুব অল্পতে খুশি হয়। তারা যাতে নিরাপদে চলতে পারে, রাতে ঘুমাতে পারে, সেটা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।’পুলিশের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র। অপরাধ করে সন্ত্রাসীরা স্পিডবোটে চলে যায় আর পুলিশ ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করে। নিয়মিত কাজের পাশাপাশি হঠাৎ তৈরি হওয়া বিশৃঙ্খলা দমন করতে গিয়ে পুলিশকে বেগ পেতে হয়। দিন নেই, রাত নেই, তারা কাজ করছে। তাদের ঘুমানোর জায়গার সমস্যা। তার পরও তারা কাজ করে। বাংলাদেশের পুলিশ বলেই হয়তো এটা সম্ভব।প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম। এ কারণে পুলিশকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়। বাংলাদেশের পুলিশ যে অনেক কিছুই পারে, তার প্রমাণ দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নতি করতে হলে শিল্পায়ন দরকার। বিনিয়োগকারীদের আকর্ষণ করতে হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার। সেই পরিবেশ নিশ্চিত করতেই শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হলো। দেশের কলকারখানাগুলো যাতে সুষ্ঠুভাবে চলে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে, শ্রমিক-মালিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় রেখেই শিল্পাঞ্চল পুলিশ কাজ করবে।প্রধানমন্ত্রী শিল্প-কারখানার মালিক ও শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘যে শ্রমিকদের কষ্টের ফল হিসেবে মালিকেরা বিলাসী জীবন যাপন করেন, সেই শ্রমিকদের প্রতি তাঁদের সহানুভূতিশীল হতে হবে। শ্রমিকদেরও বলছি, যে কারখানা বা প্রতিষ্ঠান আপনার রুজি জোগায়, তার ক্ষতি করবেন না।’প্রধানমন্ত্রী বলেন, দেশে একেক সময় একেক ধরনের অপরাধ সামনে চলে আসে। খুন, ডাকাতির পর এখন ইভ টিজিং নিয়ে আলোচনা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে কঠোর হতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, শ্রমিক নামধারী বহিরাগত সন্ত্রাসীরা শিল্পাঞ্চলে অরাজকতা সৃষ্টি করছে। এরা শিল্প ধ্বংস করে দিতে চাইছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, শিল্পাঞ্চল পুলিশকে প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে আসতে হবে। তাদের শ্রমিকদের স্বজন হতে হবে। গরিব শ্রমিক যাতে নির্যাতিত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের পেটে কেউ যাতে লাথি মারতে না পারে, সে জন্য শিল্পাঞ্চল পুলিশ কাজ করবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, এ ধরনের একটি পুলিশ বাহিনী করার দাবি ছিল বিনিয়োগকারীদের। এই বাহিনী দেশের শিল্পাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করবে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘আমরা আর কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার চাই না। তিন মাসের জন্য ক্ষমতা নিয়ে কেয়ারটেকার সরকার দুই বছর থেকেছে। তাদের কারণে অনেক ব্যবসায়ী বিদেশে চলে গেছেন। তারা কত টাকা কামিয়েছে, তার হিসাব নেই। এসব তদন্তের জন্য একটি কমিশন গঠন করা দরকার।’অনুষ্ঠানের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশের জন্য বরাদ্দকে ব্যয় হিসাবে না ধরে বিনিয়োগ হিসেবে ধরতে হবে। বিশ্বায়নের যুগে শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক বিকাশের কোনো সুযোগ নেই।অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার বক্তব্য দেন। শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।