নৌ-দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় নৌ-চলাচলে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ, প্রয়োজনে নতুন আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। সভায় বলা হয়, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই নৌ-দুর্ঘটনা অনেক কমিয়ে আনা সম্ভব।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গতকাল রোববার ‘নৌ-দুর্ঘটনা প্রতিরোধে করণীয়: কর্তৃপক্ষের দায়িত্ব ও জনসচেতনতা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্লাস্টের সহসভাপতি বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী। তিনি বলেন, নৌ-চলাচলের জন্য আইন রয়েছে। এখন দরকার এই আইনের সঠিক প্রয়োগ। এতে সমস্যার সমাধান ও দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।সভায় প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, অনেক নৌ-দুর্ঘটনার কারণ নদীর নাব্যতা কমে যাওয়া। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নদী খননের কাজ শুরু হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০টি ড্রেজার কেনার নির্দেশ দিয়েছিলেন। ছয়টি ড্রেজার এসে গেছে।মন্ত্রী জানান, বাড়িমুখী যাত্রীদের সুবিধার্থে ঈদে ফেরিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেওয়া বন্ধের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ অতিথি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবদুল মালেক মিয়া বলেন, নৌযানের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্যোগের সময় কাছাকাছি নৌঘাটে নোঙর করতে বলা হয়েছে।সভায় বিচারপতি নিজামুল হক বলেন, নৌযানগুলো প্রচলিত আইনের ৫০ শতাংশও মানে না। এটা মানাতে হবে। তিনি বলেন, লঞ্চে যতগুলো লাইফবয়া বা ভাসমান চক্র থাকা দরকার, লঞ্চগুলোতে তা থাকে না। দক্ষ মাস্টার নেই, চালকের অভিজ্ঞতার সনদ নেই। এগুলো যাঁরা দেখবেন, তাঁরাও সঠিকভাবে দায়িত্ব পালন করেন না।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ব্লাস্টের নির্বাহী পরিচালক মোহসিন আলী খান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোহাম্মদ জাহিদ হোসেন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক, নিরাপদ নৌপথ আন্দোলনের সদস্যসচিব জীবনানন্দ জয়ন্ত প্রমুখ বক্তব্য দেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাস্টের উপপরিচালক ফরিদা ইয়াসমিন ও মোহাম্মদ জাহিদ হোসেন।