নৌ-দুর্ঘটনায় দুই বছরে ৩৫২ জন নিহত: নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছরে নৌযান দুর্ঘটনায় ৩৫২ জন মারা গেছে। প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য ত্রুটির কারণে এসব নৌযান দুর্ঘটনার কবলে পড়ে। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। এর আগে বিকেল পাঁচটা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদেও বৈঠক শুরু হয়।সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, ২০০৯ সালে ২৪৪ জন ও ২০১০ সালে ১০৮ জন দুর্ঘটনায় নিহত হয়েছে। নৌ-দুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।সরকারি দলের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ায় বন্দরে জাহাজের সংখ্যা বেড়েছে। ২০১০-১১ সালে প্রতি মাসে গড়ে প্রায় ৩০টি জাহাজ মংলা বন্দরে আসে।মন্ত্রী জানান, ২০০৭-০৮ সালে ৯৫টি, ২০০৮-০৯ সালে ১৯১টি, ২০০৯-১০ সালে ১৫৬টি ও এ বছরের এপ্রিল পর্যন্ত ২৫৬টি জাহাজ মংলা বন্দরে আসে।মেজবাউদ্দীন ফরহাদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) বর্তমানে ১২টি রো রো ফেরি আছে। এর মধ্যে আরিচা সেক্টরে ১০টি ও মাওয়া সেক্টরে দুটি চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়।মুজিবুল হকের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, ঢাকা শহরের চারদিকে নৌপথ চালুকরণ প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। এর প্রথম পর্যায়ে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নৌপথের উন্নয়নকাজ শেষ হয়েছে। এই প্রকল্পে সাড়ে ২৯ কিলোমিটার জলপথ উন্নয়নে ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আশুলিয়া হতে কাঁচপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪০ কিলোমিটার পথের উন্নয়নকাজ চলছে। এত ব্যয় হবে ৬৫ কোটি টাকা। ২০১২ সালের জুন মাসে এই কাজটি শেষ হবে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শাজাহান খান জানান, বাংলাদেশ শিপিং করপোরেশনের অধীনে বর্তমানে ১৩টি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বহির্নোঙরে অবস্থানরত মাদার ট্যাংকার থেকে অপরিশোধিত তেল লাইটারিংয়ের কাজে ব্যবহূত হচ্ছে। বাকি ১১টি দেশ-বিদেশে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনকাজে ব্যবহূত হচ্ছে।