নৌ-ধর্মঘট অব্যাহত, বাসে অতিরিক্ত ভাড়া আদায়
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার ধর্মঘট আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো চলছে। এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে নৌমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং শ্রম অধিদপ্তরের পরিচালক শ্রমিক-মালিক দুই পক্ষকে আলোচনায় ডাকলেও কেউই আসেননি।মন্ত্রী বলেন, ‘আমরা মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু শ্রমিক-মালিক দুই পক্ষই তাঁদের অবস্থানে অনড়। এক রকম জেদ করেই তাঁরা এ কাজটি করছেন। যাঁরা এ কাজটি করছেন তাঁদের মধ্যে অনেকেই নিজেদের আখের গুছিয়ে নিতে এবং সরকারকে বিব্রত করতে এসব করছেন।’ সদরঘাটে সরেজমিন গিয়ে দেখা যায়, দূরপাল্লার নৌযান বন্ধ রয়েছে, তবে নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলারে করে যাত্রীরা চলাচল করছেন।এদিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার নৌযান বন্ধ থাকায় বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। বরিশালগামী এক যাত্রী অভিযোগ করে বলেন, বাস ভাড়া ২০০ টাকা হলেও, এখন ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে।