নৌ-ধর্মঘট আংশিক পালিত, নেতারা গা ঢাকা দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশন আহূত নৌ-ধর্মঘট গতকাল শনিবার আংশিকভাবে পালিত হয়েছে। তবে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১৬টি বড় জাহাজের পণ্য খালাস বন্ধ ছিল।বেতনকাঠামো সংশোধনের জন্য যারা ধর্মঘট ডেকেছে, সেই সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা গতকাল সারা দিনই গা ঢাকা দিয়ে থাকেন। কোতোয়ালি থানার পুলিশ শুক্রবার ফেডারেশনের সাতজন নেতাকে গ্রেপ্তার করার পর থেকেই অন্য নেতারা গা ঢাকা দেন বলে জানা যায়। গতকাল বিকেলে সদরঘাটে ফেডারেশন কার্যালয়ে গিয়ে সাত্তার নামের একজন কর্মী ছাড়া কাউকে পাওয়া যায়নি। ফেডারেশনের সভাপতি মো. শাহআলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমের মুঠোফোনও বন্ধ ছিল।গতকাল সদরঘাট টার্মিনাল এলাকায় সার্বক্ষণিক পাহারায় ছিলেন জাহাজী শ্রমিক ফেডারেশন ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা।ধর্মঘট শুরুর পর শুক্রবার রাতে কিছু এবং শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কিছু লঞ্চ চলাচল করে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় প্রায় অর্ধেক ছিল বলে জানান এমভি দ্বীপরাজের কর্মচারী মনির হোসেন। সদরঘাটে অনেক যাত্রী আতঙ্ক নিয়ে যাত্রা করে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট কার্যালয় থেকে গতকাল আটটি বন্দরে নৌ-চলাচলের হিসাব দেওয়া হয়। সে অনুযায়ী ঢাকা থেকে নারায়ণগঞ্জে ২৬টি লঞ্চ যায়, আসে ২৭টি। মাওয়া থেকে মোট ৬০টি আসা-যাওয়া করে, আরিচায় যায় ১৭টি এবং আসে আটটি, বরিশালে যায় চারটি এবং ঢাকায় আসে দুটি, চাঁদপুরে দুটি যায় ও একটি আসে, চট্টগ্রাম-রাঙামাটি রুটে ১২টি লঞ্চ আসা-যাওয়া করে।কিছু লঞ্চের কর্মচারীরা প্রথম আলোকে অভিযোগ করেন, কিছু মালিক তাঁদের জোর করে লঞ্চ চালাতে বাধ্য করছেন।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার গতকাল বিকেলে সদরঘাটে লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, নৌ ধর্মঘট পালিত হচ্ছে না, কিন্তু প্রচারমাধ্যমে ফলাও করে ধর্মঘটের খবর বলা হচ্ছে। সচিব বলেন, ধর্মঘট ডাকা শ্রমিকেরা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারলে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, লঞ্চ চালানোর জন্য কারও প্রতি চাপ সৃষ্টি করা হচ্ছে না। তবে কেউ যদি ইচ্ছা করেন, তাঁরা লঞ্চ চালাতে পারেন। এতে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে ধর্মঘট শুরুর সময় মন্ত্রী সদরঘাটে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।প্রসঙ্গত, নৌ শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতনকাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নিরাপত্তা বাড়ানো ইত্যাদি ২২ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন গত বছরের নভেম্বর এবং গত মার্চ মাসে নৌ ধর্মঘট পালন করে। ৩০ এপ্রিলের মধ্যে দাবি অনুযায়ী বেতনকাঠামো নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলে মার্চ মাসের ধর্মঘট শেষ করা হয়। গত বৃহস্পতিবার নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়। নৌমন্ত্রীর দাবি, বেতন ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু নৌযান শ্রমিক ফেডারেশন তা মেনে না নিয়ে বেতনকাঠামো সংশোধনের দাবিতে ধর্মঘট শুরু করে।আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, নৌ ধর্মঘট নারায়ণগঞ্জে আংশিক পালিত হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল নারায়ণগঞ্জসহ বিভিন্ন বন্দরে ধর্মঘট পালিত হয়নি বলে দাবি করেন।গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও পাটুরিয়া-নগরবাড়ী রুটে ধর্মঘট পালিত হয়নি। কারণ আরিচা লঞ্চ মালিক সমিতি নৌযান ধর্মঘটে সাড়া দেয়নি।আমাদের পটুয়াখালী অফিস জানিয়েছে, গতকাল নির্ধারিত তিনটি দোতলা লঞ্চের পরিবর্তে বিশেষ ব্যবস্থায় এমভি মানিক-৫ ও এমভি রেডসান-৫ নামে দুটি লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালী এসে পৌঁছায়। বিকেলে একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চাঁদপুর প্রতিনিধি বলেছেন, সেখানে লঞ্চ ধর্মঘট পালিত হয়নি।১৬ জাহাজ খালাস হয়নিআমাদের চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান, শুক্রবার রাত থেকে বন্দরের বহির্নোঙরে ১৬টি বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এসব জাহাজে গম, ডাল, লবণ, সার, সিমেন্ট ক্লিংকারসহ প্রায় এক লাখ টন পণ্য রয়েছে। শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, আজকালের মধ্যে আরও চারটি বড় জাহাজ বহির্নোঙরে পৌঁছার কথা।লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্র্যান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ডব্লিউটিসি) সূত্র জানায়, পণ্য পরিবহনের জন্য মোট ৩২টি লাইটার জাহাজ বরাদ্দ করা হয়েছে। ধর্মঘটের কারণে এগুলো কর্ণফুলী নদীতে ভাসছে। বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাস করে লাইটার জাহাজে তোলা হয়। অন্য যেখানে ধর্মঘট হয়েছেমংলা সংবাদদাতা জানান, কর্মবিরতির কারণে গতকাল মংলা বন্দর কার্যত অচল হয়ে পড়ে। বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকে। গতকাল সকাল থেকে বন্দর জেটি ও চ্যানেলে অবস্থানরত খাদ্য ও সারবাহী সব জাহাজের পণ্য বোঝাই-খালাসের কাজ সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিল। সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে কোনো জাহাজ চলাচল করেনি। আমাদের ভোলা প্রতিনিধি জানান, ভোলা থেকে ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছাড়ার কথা থাকলেও গতকাল কোনো লঞ্চ ছাড়েনি। বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা ও চরফ্যাশন-ঢাকা পথে কোনো লঞ্চ চলেনি।