নৌ ধর্মঘট চলছে, বাড়ছে মানুষের ভোগান্তি
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার নৌ ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল বুধবারও ঢাকার সদরঘাট টার্মিনালসহ সারা দেশের লঞ্চঘাটগুলোতে গিয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। ধর্মঘট প্রত্যাহার হতে পারে—এ আশায় তারা লঞ্চঘাটগুলোতে গিয়েছিল। দক্ষিণাঞ্চলের ৩৮টি রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।নৌযান ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলীতে পণ্য ওঠানামা গতকালও বন্ধ ছিল। এ ছাড়া মংলা বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে পণ্য বোঝাই ও খালাসের কাজ বন্ধ থাকে। এতে বন্দর ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সন্ধ্যায় দুটি স্টিমারের বাগেরহাটের মোরেলগঞ্জ ও বরিশালে যাওয়ার ব্যবস্থা করে। স্টিমার দুটি সদরঘাট টার্মিনালে ভিড়লে শত শত যাত্রী তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নৌপথের যাত্রীদের সুবিধার্থে স্টিমার নামানো হয়েছে।দুপুরে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা সদরঘাট টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন। ফেডারেশনের সহ-সভাপতি মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।এদিকে লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী ও পরিবহন) সংস্থার ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন জানান, সমস্যা সমাধানের বিষয়টি তাঁরা আন্তরিকভাবেই দেখছেন। তবে এ জন্য শ্রমিকদেরই এগিয়ে আসতে হবে।কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন ও সাধারণ পণ্যবাহী জাহাজ মালিক সমিতির নেতারা গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নৌযান শ্রমিকদের কর্মবিরতি যুক্তিযুক্ত ও আইনানুগ নয় বলে দাবি করেছেন।প্রসঙ্গত, নৌযানের সঙ্গে যুক্ত সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতন কাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ নিরাপত্তা বাড়ানো, মাস্টার-চালকদের সনদের মেয়াদীকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদী দখল ও দূষণ বন্ধ করাসহ ২২ দফা দাবিতে গত সোমবার মধ্যরাত থেকে নৌযান ধর্মঘট শুরু হয়।গতকাল নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বিবৃতিতে অবিলম্বে নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ২২ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। পরিষদের আহ্বায়ক মালেক মাস্টারের সই করা বিবৃতিতে বলা হয়, একই দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন গত ৮ নভেম্বর থেকে ৩৬ ঘণ্টা সারা দেশে নৌ ধর্মঘট পালন করে। ৯ নভেম্বর তাদের সঙ্গে বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে সেদিন মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ এবং নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের বৈঠকে নৌ শ্রমিকদের মজুরির কাঠামো পুনর্নির্ধারণে ১৬ সদস্যের ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছিল। বলা হয়েছিল, দুই মাসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে এবং প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে গেজেট তৈরি করা হবে। কিন্তু কিছুই হয়নি।গতকাল শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারাও দেরি না করে নৌযান শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।ঢাকার সদরঘাট: সকালে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, চাঁদপুর, ফতুল্লা, শরীয়তপুর, ভেদরগঞ্জ, মুন্সিগঞ্জের কাঠপট্টিগামী যাত্রীরা অপেক্ষা করছে। এদের একজন হেলাল মিয়া জানান, ধর্মঘট প্রত্যাহার হতে পারে—এমন খবরে তিনি চাঁদপুর যাওয়ার জন্য কাঁঠালবাগান থেকে সকাল সাতটার দিকে এসেছেন। ধর্মঘট অব্যাহত থাকায় এখন ফিরে যাচ্ছেন। মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকার কুদ্দুস মিয়া জানান, ধর্মঘট প্রত্যাহারের আশায় তিনি মঙ্গলবার থেকে টার্মিনালে অপেক্ষা করছেন। অসুস্থ বোনকে নিয়ে বাসে যাওয়া সম্ভব নয়।বরিশালের যাত্রী মো. শাজাহান জানান, মঙ্গলবার বিকেলে তিন সন্তানকে নিয়ে তিনি টঙ্গী থেকে সদরঘাটে আসেন। লঞ্চ না পেয়ে হোটেলে রাত কাটিয়েছেন। সকালে আবার টার্মিনালে এসেছেন। ভোলার যাত্রী নাসিমা বেগম জানান, গাজীপুরে ফেরার মতো টাকা না থাকায় দুই দিন ধরে তিনি টার্মিনালেই আছেন।চট্টগ্রাম: নৌযান শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১৮টি বড় জাহাজ ও কর্ণফুলী নদীতে নোঙর করে থাকা ৯৫টি লাইটার জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।বন্দরের বহির্নোঙরের শিপ হ্যান্ডলিং অপারেটর সরওয়ার হোসেন বলেন, কর্মবিরতির কারণে বহির্নোঙর, বেসরকারি ঘাটসহ অনেক জায়গায় কাজ হচ্ছে না।বরিশাল: বরিশালের সঙ্গে ঢাকাসহ সব রুটে নৌ চলাচল গতকালও বন্ধ ছিল। দক্ষিণাঞ্চলে চলাচলকারী একমাত্র সরকারি জাহাজ অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে।মংলা: মংলা বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে পণ্য বোঝাই ও খালাসের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। মংলা-খুলনার আংটিহারা হয়ে ভারতের নামখানা নৌপথে পণ্য পরিবহন বন্ধ থাকায় সেখানকার কয়েকটি সিমেন্ট কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।ভোলা: ভোলার সব নৌপথে লঞ্চ ধর্মঘট চলছে। এদিকে ভোলা-লক্ষ্মীপুরে চলাচলকারী তিনটি ফেরিই যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। ফলে লোকজন ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় মেঘনা নদী পার হচ্ছে।বিআইডব্লিউটিএর ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরি রুটের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভুঁইয়া বলেন, একটি ফেরি চালু করার চেষ্টা চলছে।চাঁদপুর: বিআইডব্লিউটিএর চাঁদপুর নদীবন্দরের সহকারী পরিচালক মো. নূর হোসেন জানান, গতকাল রাতেও চাঁদপুর স্টিমারঘাটে প্রচুর যাত্রী নৌযানের অপেক্ষায় ছিল। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে আসা দুটি স্টিমার ঘাটে ভিড়লেও সেগুলোতে জায়গা ছিল না। স্টিমারগুলোর ছাদেও যাত্রী ছিল।(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং চাঁদপুর, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ও মংলা সংবাদদাতা)