নৌ-ধর্মঘট শুরুর আগে হঠাৎ কর্মবিরতি
সারা দেশে নৌ-ধর্মঘট শুরুর কথা ছিল গতকাল শুক্রবার মধ্যরাত থেকে। কিন্তু সকাল সাড়ে ১০টা থেকেই নৌশ্রমিকদের একটি অংশ নৌযান শ্রমিক ফেডারেশন ঢাকার সদরঘাটে কর্মবিরতি শুরু করে। প্রথমে টানা প্রায় দুই ঘণ্টা এবং পরে দফায় দফায় তাদের কর্মবিরতিতে সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মবিরতির কারণে দক্ষিণাঞ্চলের ৩৮টি রুটের বেশির ভাগ যাত্রীবাহী লঞ্চ চলাচল করেনি। ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের এই অংশের দেশব্যাপী ধর্মঘট শুরুর পূর্বঘোষণা থাকায় গন্তব্যে যাওয়ার জন্য অনেকে সকাল থেকে সদরঘাটে আসে। কিন্তু দফায় দফায় কর্মবিরতি তাদের ভোগান্তি বাড়িয়ে দেয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বেতনকাঠামো নির্ধারণসহ সুযোগ-সুবিধা বাড়ানোর পরও এই কর্মবিরতি বা ধর্মঘট যাত্রীদের প্রতি অনাচার ও ইচ্ছাকৃত। মিছিলে হামলা ও কর্মবিরতি: নৌযান শ্রমিক ফেডারেশনের মিছিলে হামলার প্রতিবাদে ফেডারেশন এই কর্মবিরতি শুরু করে। ফেডারেশন ও স্থানীয় সূত্র জানায়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, গত ৩০ এপ্রিলের মধ্যে বেতনকাঠামো পুনর্নির্ধারণ করাসহ তাদের দাবি না মানায় শ্রমিকেরা গতকাল সকাল ১০টার দিকে মিছিল বের করেন। মিছিলটি সদরঘাট ২ নম্বর মসজিদ ঘাটের কাছে গেলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে আহত হন লঞ্চ মাস্টার বেলাল, সেলিম, আবুল হাশেম, আকবরসহ কয়েকজন। আকবরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। একপর্যায়ে পুলিশ ও সন্ত্রাসীরা আমাদের এলোপাতাড়ি লাঠিপেটা করে। আমরা তাই এর প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতি শুরু করেছি।’তবে নৌপরিবহনমন্ত্রী প্রথম আলোকে বলেন, নৌযান শ্রমিক ফেডারেশনের লোকজন সদরঘাটে জাহাজি শ্রমিক লীগ কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। এ অবস্থায় পুলিশের যা করণীয়, তা-ই করেছে।নৌযান শ্রমিক ফেডারেশন সকাল সাড়ে ১০টায় সদরঘাটে কর্মবিরতি শুরু করলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের অনুরোধে দুপুর সাড়ে ১২টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করলে লঞ্চ চলাচল আবার শুরু হয়। বেলা তিনটার দিকে আবার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকেল সোয়া চারটার দিকে কিছু লঞ্চ আসা-যাওয়া করে। কিন্তু ঘণ্টাখানেক পর বিভিন্ন লঞ্চের মাস্টার-চালকেরা অপারগতা জানালে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। থেমে থেমে এই কর্মবিরতির কারণে সদরঘাট টার্মিনালে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। দুপুরে নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি দীন মোহাম্মদ, মাস্টার মোফাজ্জলসহ সাতজনকে তাঁদের কার্যালয় থেকে পুলিশ গ্রেপ্তার করে। জাহাজি শ্রমিক লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন তাঁদের কার্যালয়ে লুটপাটের অভিযোগে ১৫ জনের নামোল্লেখসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। নৌপরিবহনমন্ত্রীর সংবাদ সম্মেলন: নৌপরিবহনমন্ত্রী বেলা সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌশ্রমিকদের বেতন ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাড়িভাড়া বাড়ানো হয়েছে ১৩৩ শতাংশ। ধোলাই ভাতা ঘোষণা করা হয়েছে ১৫০ শতাংশ। এই মজুরি-কাঠামো ২০০৯ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পাঁচ বছর বলবৎ থাকবে। শাজাহান খান আরও বলেন, বেতনসহ অন্যান্য ভাতা আরও বাড়ানোর জন্য মালিকদের চাপ দিলে তাঁরা ভাড়া বাড়িয়ে দেবেন। এর ফল ভোগ করতে হবে যাত্রীদের। বিকেলে মন্ত্রী সদরঘাটে গিয়ে কিছু শ্রমিকের সঙ্গে বৈঠক করে বেতনকাঠামোর বিষয়ে তাঁদের অবহিত করেন। এ ব্যাপারে শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী একটি পকেট কমিটি করে যা নির্ধারণ করেছেন তা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মালিক ও সরকারপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার প্রতিবাদে কর্মবিরতি দেওয়া ছাড়া উপায় নেই।’ প্রসঙ্গত, নৌযানের সঙ্গে যুক্ত সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতনকাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ-নিরাপত্তা বাড়ানো, মাস্টার-চালকদের সনদের মেয়াদীকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদী দখল ও দূষণ বন্ধ করাসহ ২২ দফা দাবিতে নৌযান শ্রমিকেরা ১৬ থেকে ২০ মার্চ ধর্মঘট পালন করেন। ২০ মার্চ রাতে সরকার-মালিকপক্ষ এবং শ্রমিক ফেডারেশনের নেতাদের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেনের বাসভবনে বৈঠক হয়। ওই বৈঠকে ৩০ এপ্রিলের মধ্যে দাবি অনুযায়ী বেতনকাঠামো নির্ধারণের সিদ্ধান্ত হয়।