নৌ-প্রটোকল এক বছরের জন্য নবায়ন করা হচ্ছে
বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল এক বছরের জন্য নবায়ন করা হচ্ছে। এ ব্যাপারে গতকাল রোববার সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠিয়েছে। ফলে সরকারের দায়িত্বশীল একটি মহলের নৌ-প্রটোকলকে বাণিজ্য চুক্তির আওতা থেকে বের করে আনার উদ্যোগ আপাতত চাপা পড়ল। জানতে চাইলে নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নৌ-প্রটোকলটি এক বছর মেয়াদে নবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠিয়েছি। এ ব্যাপারে আমাদের প্রস্তাব মেনে নিলে এটি আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।’নৌ-প্রটোকলে কোনো পরিবর্তন আসছে কি না—জানতে চাইলে নৌপরিবহনসচিব বলেন, ‘ভারত ইতিপূর্বে এর কর্মপদ্ধতি সম্পর্কে আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল। আমরা এর উত্তরে জানিয়েছি, পর্যাপ্ত সময় না থাকায় এখনই এতে কোনো পরিবর্তন সম্ভব নয়। ভবিষ্যতে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। এ অবস্থায় দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় এটি এক বছরের জন্য নবায়ন করা হোক।’ বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলকে বাণিজ্য চুক্তির আওতা থেকে বের করে আনার উদ্যোগ নিয়েছে সরকারের দায়িত্বশীল একটি মহল। এদের যুক্তি, বাণিজ্য চুক্তির বাইরে পৃথকভাবে এবং দীর্ঘ মেয়াদে এ নৌ-প্রটোকলটি সই হলে বাংলাদেশ ভারতের কাছ থেকে ট্রানজিট (পণ্য পারাপার) অবকাঠামোর জন্য পর্যাপ্ত বিনিয়োগ পাবে।তবে সরকারেরই একাধিক মন্ত্রণালয় এই উদ্যোগের বিরোধিতা করেছে। তাদের প্রশ্ন, ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে নিয়ে বাংলাদেশ ট্রানজিটের জন্য একটি রূপরেখা চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আলাদা প্রটোকলের সুফলটা কী হবে? এর পাশাপাশি পৃথক প্রটোকল সই করলে ভারতের কাছ থেকে অবকাঠামো উন্নয়নের জন্য বিনিয়োগ পাওয়া যাবে—এরই বা নিশ্চয়তা কী?বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও জলবাণিজ্য প্রটোকল বা পিআইটিটি নামে পরিচিত প্রটোকলটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির অষ্টম ধারা অনুযায়ী সই হয়। এ প্রটোকলের আওতায় ভারত নৌপথে পণ্য এনে তা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তা সড়কপথে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পরিবহন করে। এ প্রটোকলের আওতায় পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে কোনো মাশুল দেয় না ভারত। তবে নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য বছরে ১০ কোটি টাকা দেওয়া হয়।