নৌ-প্রটোকলের মেয়াদ ২০১৪ পর্যন্ত বাড়ছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের মেয়াদ ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ছে। এর পাশাপাশি প্রটোকলের আওতায় নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য এখন থেকে সাড়ে পাঁচ কোটি টাকার পরিবর্তে ১০ কোটি টাকা দেবে ভারত।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। গতকাল শুরু হওয়া বাংলাদেশ-ভারত নৌসচিবদের বৈঠকের প্রথম দিনে এই সিদ্ধান্ত হয়েছে।সকালে হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের বৈঠক শুরু হয়। বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন নৌসচিব আবদুল মান্নান হাওলাদার। ভারতের আট সদস্যদের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের নৌসচিব প্রদীপ কুমার সিনহা।বৈঠক সূত্রে জানা গেছে, নৌ-প্রটোকলের আওতায় ট্রান্সশিপমেন্ট চালু এবং চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়গুলো আলোচনায় তুলেছে ভারত। বিশেষ করে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের মাধ্যমে নৌপথে পণ্য এনে তা সড়ক কিংবা রেলপথে ত্রিপুরায় পরিবহনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধিদলের এক সদস্যের আজ আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শনের কথা রয়েছে। তবে ভারতকে ট্রানজিট দেওয়ার সুবিধার্থে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও জলবাণিজ্য প্রটোকল বা পিআইডব্লিউটিটির পরিধি বাড়ছে কি না, কিংবা প্রটোকলে কোনো সংশোধন আনা হচ্ছে কি না, জানতে চাইলে আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘এ বিষয়ে আজ কিছু বলব না। কাল চুক্তি সইয়ের (নবায়ন) পর জানাব। তবে ভালো খবর আছে, এটুকু বলতে পারি। এটাও নিশ্চিত করে বলতে পারি, যা কিছুই হোক, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু হবে না।’নৌ-প্রটোকলে এবারের বৈঠকে সংশোধন কিংবা পরিবর্তনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের পক্ষ থেকে সম্প্রতি কোনো খসড়া প্রস্তাব দেওয়া হয়নি। বিদ্যমান প্রটোকলে কোনো পরিবর্তন আনতে হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া জরুরি। এ ক্ষেত্রে এই মুহূর্তে তা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মত।এদিকে দুই প্রতিবেশী দেশের নৌসচিবদের দুই দিনের বৈঠকের প্রথম দিনের আলোচনার পর ভারতের নৌসচিব প্রদীপ কুমার সিনহা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের পর মান্নান হাওলাদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।বাংলাদেশের নৌসচিব জানান, বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও জলবাণিজ্য প্রটোকল বা পিআইডব্লিউটিটির মেয়াদ আগামী দুই বছর নবায়ন করার সিদ্ধান্ত হয়েছে।এ সময় সচিবের পাশে উপস্থিত মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘ভারতের নৌসচিব আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। নৌ-প্রটোকলের বিষয়ে বা চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহারের বিষয়ে কোনো কথা হয়নি।’বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতাধীন নৌ-প্রটোকলের মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়েছে। এরপর দুই পক্ষ চিঠি চালাচালি করে তা ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ায়। তবে এখন সিদ্ধান্ত হয়েছে, যেদিন (২০১২ সালের ৩১ মার্চ) চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেদিন থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত তা বাড়ানো হবে। সে হিসাবে নৌ-প্রটোকলের মেয়াদ ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ছে।ট্রানজিট প্রসঙ্গ: গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের পর ট্রানজিট এবং চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আর তোলেনি ভারত। ওই সফরের মাত্র কয়েক দিন আগে দুই বন্দর ব্যবহারে একটি ট্রানজিট চুক্তি সইয়ের প্রস্তাব দেয় ভারত। কিন্তু এত অল্প সময়ে এই চুক্তি সই করতে চায়নি বাংলাদেশ। সে সময় ঢাকার যুক্তি ছিল, মাশুলসহ খুঁটিনাটি সব বিষয় চূড়ান্ত না করে তড়িঘড়ি কোনো চুক্তি সই করা যায় না। বরং এর বদলে ভারতের সঙ্গে ট্রানজিটের বিষয়টি সমন্বিতভাবে সুরাহার জন্য একটি সম্মতিপত্র সইয়ের প্রস্তাব দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত চুক্তি বা সম্মতিপত্র কোনোটাই সই হয়নি।গতকাল দুই দেশের নৌসচিবদের বৈঠকে ট্রানজিট চালুর পাশাপাশি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়টি আলোচনার টেবিলে তুলেছে ভারত। এ সময় ট্রানজিট চালুর প্রয়োজনীয়তার পাশাপাশি অবকাঠামো উন্নয়নের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে প্রয়োজনে ভারত আর্থিক বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে।