নৌ মন্ত্রণালয় দেড় থেকে দুই হাজার কোটি টাকা দেবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পদ্মা সেতু নির্মাণে দেশের জনগণ প্রস্তুত। পদ্মা সেতু নির্মাণে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দেড় থেকে দুই হাজার কোটি টাকা দেওয়া হবে। পদ্মা সেতু নির্মাণে পরিবহন শ্রমিকেরা এক দিনের বেতনের টাকা দিতে প্রস্তুত। আজ বৃহস্পতিবার ঢাকায় বিএমএ মিলনায়তনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।শাজাহান খান বলেন, অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার বিভিন্নমুখী আর্থ-সামাজিক সুবিধার কথা চিন্তা করে সরকার নৌপথের উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বৃত্তাকার নৌপথে সার্ভিস পরিচালনার জন্য এক কোটি ১২ লাখ টাকা ব্যয়ে দুটি ওয়াটার বাস সদরঘাট-আমিন বাজার রুটে যাত্রী পরিবহন করছে। আরও চারটি ওয়াটার বাস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রথমবারের মতো দেশে দুটি স্টিমার নির্মাণকাজ প্রক্রিয়াধীন রয়েছে। আরও দুটি স্টিমার তৈরি করা হবে। অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এস এম আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মো. নজরুল ইসলাম বাবু, গোলাম কিবরিয়া টিপু, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবর রহমান এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মো. ফজলুল হক।পদ্মা সেতু তৈরিতে কোটি টাকা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, দেশের সর্ববৃহত্ পদ্মা সেতু তৈরিতে এক কোটি টাকার সহায়তা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৫০তম সিন্ডিকেট সভায় আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়।আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ, তথ্য ও প্রকাশনার দপ্তরের উপপরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।