নৌকা উন্নয়ন করেছে: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সিরাজগঞ্জবাসীর উদ্দেশে বলেছেন, ‘নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন করেছে।’ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীর ওপর নির্মিত সোনাতলা সেতুর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ও দেশ গড়ার জন্য কাজ করেছেন। তাঁরাই এ দেশে যুদ্ধ পরিচালনা করে বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁরাই প্রথম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ৩ নভেম্বর জেলখানায় তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের নেতৃত্ব আঁকড়ে ধরে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছি। আমরা সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছি। দেশে রেকর্ড পরিমাণ খাদ্যশস্যের উত্পাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়েছি।’ তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিলাম। আমরা সব ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ইন্টারনেট-সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার অনেকাংশে পূরণ করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গোপালগঞ্জের মেয়ে, কিন্তু আমি সিরাজগঞ্জের উন্নয়ন করছি। আপনারা নৌকায় ভোট দিয়েছেন। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি।’ আগামী দিনে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।এর আগে প্রধানমন্ত্রী সকাল ১০টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় সয়দাবাদে পৌঁছান। সেখানে ১৫০ মেগাওয়াট উত্পাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন এবং ৭৫ মেগাওয়াট উত্পাদনক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ।