নৌকাভ্রমণে গিয়ে দুই ছাত্রের মৃত্যু
পানিতে ডুবে প্রাণ গেল আরও দুই শিক্ষার্থীর। গতকাল বুধবার রাজধানীর ডেমরায় নৌকাভ্রমণে গিয়ে ডুবে মারা গেছে মেহেদী হাসান (১৩) ও মাইনুল ইসলাম (১৪) নামের দশম শ্রেণীর দুই ছাত্র। পানিতে ডুবে অসুস্থ হয়েছে আরও সাত ছাত্র।এর আগে গত মঙ্গলবার মোহাম্মদপুরে নালা থেকে অনন্যা ও উর্মি নামের তৃতীয় শ্রেণীর দুই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এরা পানিতে ডুবে মারা গেছে।ডেমরা থানার পুলিশ জানায়, মৃত ও অসুস্থ ছাত্ররা সবাই ডেমরার এম সালাউদ্দীন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। অসুস্থ ছাত্ররা হলো: ইমরান (১৩), রাসেল (১৪), মুন্না (১৪), জাকারিয়া (১৫), মাসুম (১৩), মেহেদী (১২) ও সজল মিয়া (১৪)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুলে না গিয়ে তারা গতকাল নৌকাভ্রমণে গিয়েছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ধার্মিকপাড়াসংলগ্ন ডিএনডি খালে নৌকাভ্রমণে যায় নয় কিশোর। নৌকায় উঠে হইচই করার সময় হঠাৎ কাত হয়ে উল্টে যায় নৌকাটি। এতে নয় কিশোরই পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনা দেখে ঝাঁপিয়ে পড়ে সাতজনকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করেন। একটু সুস্থ হওয়ার পর তাঁরা বলেন, তাদের সঙ্গে মেহেদী ওরফে সজল ও মাইনুল ওরফে বাপ্পী নামের আরও দুজন ছিল। পরে দেড়টার দিকে ওই খালে দুজনের লাশ ভেসে ওঠে।ডেমরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সরোয়ার্দী মিয়া বলেন, ছাত্ররা নিজেরাই নৌকা চালাচ্ছিল। হঠাৎ নৌকা ডুবে যায়। এ সময় সেখানে কিছু লোক নৌকায় করে মাটি বহনের কাজ করছিলেন। তাঁরা ডুবে যাওয়া সাত ছাত্রকে উদ্ধার করতে পারলেও দুজন তলিয়ে যায়।একমাত্র ছেলে হারিয়ে পাগলপ্রায় মাইনুলের বাবা আবেদ হোসেন। তিনি বলেন, সকাল আটটার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল তার ছেলে। দুপুরে তিনি তার মৃত্যুর খবর পান।এম সালাউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, ওই ছাত্ররা বাসা থেকে বের হলেও গতকাল স্কুলে আসেনি।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উদ্ধারের সময় দুজন নিখোঁজ হওয়ার বিষয়টি বোঝা যায়নি। পরে অচেতন ছাত্ররা সুস্থ হলে বিষয়টি জানা যায়। এর পরে বেলা দেড়টার দিকে সেখানে খুঁজতে গিয়ে দেখা যায়, ওই দুই ছাত্রের মরদেহ পানিতে ভাসছে।