সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলায় নৌকার মাঝি গুলজার মিয়া ও এলাকাবাসীর ধরে দেওয়া আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন মামলাটির তদন্ত কর্মকর্তা।অভিযুক্ত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার চেঙ্গেরখালের পাশের নলকট গ্রামের গুলজার মাঝি (৩০), ছইল মিয়া (২৬), শাহিন আহমদ (২২), লাল মিয়া (২৫), সায়েম উদ্দিন (২৩), জামাল আহমদ (২৪), রকিব আহমদ (২৫), মো. আবদুল্লাহ (২৬) ও সেলিম আহমদ (২৪)। তবে সন্দেহভাজন আসামি তারেক আহমদ (২৩), সুহেল মিয়া (২৬) ও সইল মিয়াকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা সবাই বর্তমানে কারাগারে। মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিত দাস জানান, ঘটনার পরপরই গ্রেপ্তার হওয়া গুলজার মাঝি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে হামলার কারণ ও হামলাকারীদের নাম-ঠিকানা প্রকাশ পায়। বাদাঘাটবাসী উদ্যোগী হয়ে পুলিশের কাছে যাঁদের সোপর্দ করেছেন, তদন্তে তাঁদের জড়িত থানার বিষয়টি প্রমাণিত হয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা হামলাকারীদের পরিবারের সদস্যদের মাধ্যমে নলকট রেজি. প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি সভা করে ১০ জনকে পুলিশের হাতে তুলে দেন। এসআই সঞ্জিত দাস বলেন, এলাকাবাসীর এমন উদ্যোগে পুলিশের তদন্ত ও আসামি শনাক্ত করে গ্রেপ্তার—দুটোই দ্রুত হয়েছে। ২০১১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ অনীক ও খায়রুল কবীর দুর্বৃত্তদের হামলায় নিহত হন। পরের দিন তাঁদের মরদেহ গুলজার মাঝি ও তাঁর সহকারী তারেক আহমদ নদী থেকে উদ্ধার করেন। পুলিশ ওই দিনই গুলজার ও তারেককে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী নৌভ্রমণে চেঙ্গেরখালে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের ২০০ টাকায় নৌকা ভাড়া করে দেন। হামলা চালিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা লুটে নেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। নৌকার মাঝি গুলজার এতে কিছুটা আপত্তি জানালে তাঁকে একটি নতুন মুঠোফোন দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরে নৌকাটি চেঙ্গেরখালের পুটামারা এলাকায় গেলে গুলজার মাঝির সঙ্গে মুঠোফোনের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা আরেকটি নৌকায় করে সেখানে গিয়ে হামলা চালান। তাঁরা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা-পয়সাসহ অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় টানাহেঁচড়ার একপর্যায়ে অনীক ও খায়রুলকে মারধর করে নদীতে ফেলে পালিয়ে যান হামলাকারীরা। আদালতে অভিযোগপত্র দাখিল করায় নিহত হওয়া দুই ছাত্রের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। অনীকের বাবা দীপক ঘোষ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে তো ফিরে পাব না। তাই বিচারটা যথাযথ হোক—সেটাই চাই।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, ‘অভিযোগপত্র দাখিল করা বিচারপ্রাপ্তির ক্ষেত্রে একটা অগ্রগতি। সুষ্ঠু বিচার সম্পন্ন হওয়ার ক্ষেত্রে মামলাটির সার্বিক অবস্থা আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকবে।’