নৌকায় করে মিয়ানমারে পুশব্যাক বন্ধের আহ্বান
মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুশব্যাক বন্ধ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ অনুরোধ জানিয়েছে।সংস্থাটির দাবি, মিয়ানমারে এভাবে ফেরত পাঠানো লোকজনের মধ্যে তিনটি শিশুসহ অন্তত ১৮ জন রোহিঙ্গা তাত্ক্ষণিকভাবে ঝুঁকির মুখে পড়েছে।নিউইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংগঠনটি মিয়ানমারে নিরাপদ পরিবেশে বাড়ি ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি অস্থায়ীভাবে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের শরণার্থী-বিষয়ক পরিচালক বিল ফ্রেলিক বলেন, ‘শিশুসহ সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে বাংলাদেশ তাদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বশরণার্থী দিবসে বাংলাদেশের সীমান্ত বন্ধ করে রোহিঙ্গাদের ফিরে যেতে বাধ্য করাটা দুঃখজনক। এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে, শরণার্থীদের মৌলিক অধিকার এখনো সুরক্ষা হচ্ছে না।’বিল ফ্রেলিক বলেন, ‘যুগ যুগ ধরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে বিচার-বহির্ভূত হত্যা, দাসত্বমূলক শ্রম, ভূমি দখল ও চলাফেরার স্বাধীনতা খর্ব করার মাধ্যমে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কারণে রোহিঙ্গারা ঝুঁকিতে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’