নৌকায় ভোট দিলে দেশের মানুষ কিছু পায়: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নতি হয়। নৌকায় ভোট দিলে এ দেশের মানুষ কিছু পায়। নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। ১৯৯৬ সালে দেশ খাদ্যে স্বনির্ভর হয়েছিল। বর্তমানে দেশের উন্নয়নে সরকার ব্যাপক কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও সরকারি কলেজের মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মাত্র দুই বছরে ১৪ শ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধি করেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাদের পাঁচ বছরে তারা এক ইউনিট বিদ্যুত্ও উত্পাদন করতে পারেনি। তারা শুধু লুটপাট করেছে। তারা শুধু জানে মানুষের টাকা লুট করে নিজেদের পকেটে ভরতে। তত্ত্বাবধায়ক সরকারের সময়েও বিদ্যুতের উত্পাদন বৃদ্ধি পায়নি।শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০০১ সালে চালের মূল্য ১০ টাকা কেজি রেখে এসেছিলাম। ২০০৬ সালে বিএনপি জোট সরকার চালের দাম ৪০ টাকায় নিয়ে আসে। এবার ক্ষমতায় এসে আমরা চালের দাম কমিয়ে ১৮ টাকা করেছিলাম। কিন্তু কৃষক যেন ন্যায্যমূল্য পায়, তার জন্য চালের দাম বৃদ্ধি করে ২৮ টাকা করা হয়েছে। চালের মূল্য বৃদ্ধির জবাব বিএনপি জোট সরকারের নেতা-কর্মীদের দিতে হবে।’স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘২০০১ সালের ১৩ অক্টোবর গফরগাঁয়ের এ মাঠেই জননেত্রীর জনসভায় লোকজনকে আসতে দেয়নি বিএনপি-জামায়াত জোট সরকার। পুরুষেরা সেদিন বোরকা পরে এসে জনসভায় যোগ দিয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশের মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। মা-বোনের ইজ্জতের কোনো মূল্য ছিল না।’স্থানীয় সাংসদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, সাংসদ মতিউর রহমান, কাজী খালিদ বাবু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন প্রমুখ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটার দিকে মঞ্চে আসেন। এর আগেই জনসভাস্থল ও আশপাশে লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় সাংসদ গিয়াসউদ্দিন বক্তব্য দিতে গেলে কতিপয় বিক্ষুব্ধ কর্মী সাংসদকে উদ্দেশ করে জুতা নিক্ষেপ করলে সভায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। পরে শেখ হাসিনার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।এর আগে বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী গফরগাঁওয়ের দেওয়ানগঞ্জ বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিতব্য ৮১০ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।