সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৌকায় ভ্রমণের সময় হামলা চালিয়ে দুই ছাত্রকে পিটিয়ে নদীতে ফেলে হত্যা করেছে বখাটে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে সিলেট সদরের বাদাঘাট এলাকার চেঙ্গেরখালে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে চেঙ্গেরখাল থেকে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই ছাত্র হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের খায়রুল কবীর ও দীপঙ্কর ঘোষ অনিক। তাঁদের দুজনের বাসা ঢাকার বাসাবোতে।এদিকে নৌকায় ভ্রমণের সময় বখাটে সন্ত্রাসীদের হামলা ও দুই ছাত্রকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল এক ছাত্রের লাশ নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। ভাঙচুর করা হয় উপাচার্যের কক্ষ, একাডেমিক ভবনের দরজা-জানালা। শিক্ষার্থীদের আরেক পক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে প্রক্টরের পদত্যাগ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।নিহত দুই ছাত্রের সহপাঠীরা জানান, শুক্রবার বিজয় দিবসের ছুটি থাকায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের আটজন শিক্ষার্থী চেঙ্গেরখালে নৌকা ভ্রমণে বের হন। তাঁদের সঙ্গে তিনজন ছাত্রীও ছিলেন। চেঙ্গেরখাল সিলেটের সুরমা নদীর একটি শাখা। শিক্ষার্থীদের ইঞ্জিনচালিত নৌকাটি বাদাঘাটের সেতু থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে যায়। নদীতে সূর্যাস্ত দেখে ফেরার পথে কান্দিগাঁও ইউনিয়নের নোয়াপুটা-নীলগাঁওয়ের কাছে আরেকটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পাঁচ-ছয়জন যুবক তাঁদের নৌকাকে তাড়া করে। ওই নৌকায় থাকা যুবকদের হাতে লাঠিসোঁটা ছিল।নৌকায় থাকা জাহিদুর রহমান জোসেফ ও দীপঙ্করের ফুফাতো ভাই রাজীব ঘোষ বলেন, ওই সময় মাঝি ইঞ্জিন বন্ধ করে দিলে বখাটেরা তাঁদের নৌকায় ওঠে সবার মুঠোফোন ও টাকা-পয়সা নিয়ে যায়। বখাটেরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ছাত্রীদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। দীপঙ্কর ও খায়রুল প্রথমে বাধা দিলে তাঁদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়। বখাটেরা রাজীবকেও মারধর করে। একপর্যায়ে মাঝি নৌকা চালু করে বাদাঘাটে নিয়ে আসেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বিষয়টি অন্যদের জানান।আহত রাজীব স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জেনে জালালাবাদ থানার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে দীপঙ্কর ও খায়রুলের খোঁজ করেন। সকালে নৌকার মাঝি গুলজার মিয়া ঘটনাস্থল দেখিয়ে দেন। বাদাঘাট সেতু থেকে এক কিলোমিটার দূরে চেঙ্গেরখালে জাল ফেলে সকাল সাতটায় দীপঙ্করের ও সোয়া ১০টার দিকে খায়রুলের লাশ উদ্ধার করা হয়।দীপঙ্কর ঢাকার বাসাবোর পদ্মকাননের দীপক চন্দ্র ঘোষ ও খায়রুল বাসাবো বালুর মাঠের প্রয়াত সিরাজুল ইসলামের বড় সন্তান। দীপঙ্কর সিলেট নগরের পাঠানটুলা ও খায়রুল আখালিয়া সুরমা আবাসিক এলাকার মেসে থাকতেন।বাড়ি ফেরার কথা ছিল: দীপঙ্করের মরদেহ উদ্ধারের পরপরই ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। হাসপাতালে অবস্থান করছিলেন তাঁর কাকা দীলিপ ঘোষ। ঘটনার আকস্মিকতায় পরিবারের সবাই হতভম্ব হয়ে পড়েছেন। দীলিপ বলেন, দীপঙ্করের নিখোঁজ হওয়ার খবর শুনে তাঁরা রাতেই সিলেটে এসেছেন। পরীক্ষা শেষে আগামী সোমবার দীপঙ্করের বাড়ি ফেরার কথা ছিল।মামলা: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে নৌকার মাঝি গুলজার মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। হামলাকারী বখাটেদের শনাক্ত করতে শুক্রবার রাতেই জালালাবাদ থানার পুলিশ মামলার আসামি গুলজার মিয়াকে গ্রেপ্তার ও নৌকার মালিক নিয়াজ উদ্দিনসহ তিনজনকে আটক করে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, হামলাকারীরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের নৌকায় আক্রমণ করেছিল। হামলাকারীরা ছাত্রদের লাঠিসোঁটা দিয়ে মারধর করে তিন ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাঝি দ্রুত নৌকা চালিয়ে নদীর তীরে ভিড়িয়ে দেন।এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য নিয়ে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।তিন দিনের শোক কর্মসূচি: খায়রুলের মরদেহ ময়নাতদন্ত শেষে বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকযাত্রা শেষে শোকসভা হবে।শিক্ষামন্ত্রীর নির্দেশ: নৌকাভ্রমণে বখাটে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ঘটনায় তিনি গতকাল দুপুরে সিলেটের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীরা শুধু বখাটে নয়, এরা দুর্বৃত্ত। অবিলম্বে এদের গ্রেপ্তার করতে পুলিশকে বলেছি।’