নৌদুর্ঘটনা রোধে হাইকোর্টের সাত নির্দেশনা
যাত্রীনিরাপত্তা এবং নৌযানের চলাচলের উপযুক্ততা নিশ্চিত করতে সব যাত্রীবাহী লঞ্চ এবং অভ্যন্তরীণ নৌযানের ডিজাইন, যন্ত্রপাতি ও জীবনরক্ষাকারী সরঞ্জামাদির যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এই নির্দেশনাসহ নৌদুর্ঘটনা রোধে আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মো. নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাত দফা নির্দেশনা দেন।একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন করে কোনো নৌযান যেন যাত্রা করতে না পারে, সে জন্য ফেরিঘাট এবং লঞ্চ টার্মিনালে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে আগামী ১৭ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করতে নৌপরিবহন ও স্বরাষ্ট্রসচিব এবং সমুদ্রপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে কাজী ফারুকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন। ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়। আবেদনে আইনগত সহায়তা করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আর আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির লিটন।আদালতের নির্দেশনায় নৌচলাচলের অনুপযোগী সব লঞ্চ এবং অভ্যন্তরীণ নৌযান চলাচল নিষিদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়। লঞ্চ এবং অভ্যন্তরীণ নৌযানের চালনা যথাযথ যোগ্যতাসম্পন্ন ব্যক্তির হাতে থাকার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন আদালত। অন্য নির্দেশনায় লঞ্চের এবং অভ্যন্তরীণ নৌযানে পর্যাপ্ত পরিমাণ বিকন বাতির মজুদ নিশ্চিত করতে বলা হয়েছে।এ ছাড়া পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম ছাড়া এবং অতিরিক্ত যাত্রী বহন করে কোনো লঞ্চ এবং অভ্যন্তরীণ নৌযান যেন যাত্রা করতে না পারে, সে জন্য ফেরিঘাট এবং লঞ্চ টার্মিনালে পর্যাপ্তসংখ্যক পুলিশ, র্যাব ও আনসারের উপস্থিতি নিশ্চিতের নির্দেশনাও রয়েছে। অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত থাকতে এবং প্রতিযোগিতামূলক নৌচলাচল রোধে সব প্যাসেঞ্জার রুটে নৌপুলিশ ডিপোর সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। যাত্রী নিরাপত্তা-সংক্রান্ত সব আইনি ও বিধান লঞ্চ এবং ফেরিঘাটসহ গণমাধ্যমে প্রচারের নির্দেশনাও রয়েছে। এ ছাড়া আদালত বলেছেন, দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের ক্রটি সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।