নৌপথে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ
ঈদ সামনে রেখে নৌপথে যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী বলেন, ‘ঈদের আগে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। যাত্রীদের নিরাপত্তা বিধানে এসবের বিরুদ্ধে আমরা এবার কঠোর অবস্থান নেব।’আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নৌপথে যাত্রী হয়রানি বন্ধ, অপরিকল্পিত নদী খনন রোধ, শ্রমিকদের নিরাপত্তা বিধান এবং অবৈধভাবে রাতে বালুবোঝাই জাহাজ চলাচল বন্ধ ও সুষ্ঠু নৌপরিবহন ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভূমিমন্ত্রী রেজাউল করিম, নৌ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহনের মালিক-শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।শাজাহান খান বলেন, গত বছরের মতো এ বছরও ঈদে সদরঘাট এলাকায় লঞ্চ মালিক সমিতির উদ্যোগে ‘কমিউনিটি পুলিশ’-এর ব্যবস্থা থাকবে। তিনি বলেন, নৌপথে সীমানা নির্ধারণ না থাকায় ডাকাতি ও নৌডুবির ঘটনায় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়ায় নানা সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে নৌসীমানা নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। নৌপথে নিরাপত্তায় নৌপুলিশ গঠন এবং কোস্ট গার্ড বাহিনীকে শক্তিশালী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।নৌমন্ত্রী বলেন, নৌপথে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে যে জাতীয় কমিটি আছে শিগগিরই তাদের সভা ডাকার জন্য বলা হয়েছে। শাজাহান খান বলেন, নৌপথে রাতে মালবাহী যান ও অবৈধ নৌযান চলাচল বন্ধ এবং অবৈধ নৌযান নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ২৯ জুলাই ঈদ ব্যবস্থাপনা বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভায় লঞ্চে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।