নৌপরিবহন ধর্মঘটের আজ ৩য় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার মধ্যরাত থেকে চলমান নৌপরিবহন ধর্মঘট আজ সোমবারও আংশিকভাবে পালিত হচ্ছে। তবে, আজ এই ধর্মঘটের পক্ষে বা বিপক্ষে কোনো কর্মসূচি পালিত হতে দেখা যায়নি। নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটি অংশের অফিসে আজ তালা ঝুলতে দেখা যায়। আজ দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭টি লঞ্চ ঢাকা এসে পৌঁছেছে। ঢাকা ছেড়ে গেছে ছয়টি লঞ্চ। যাত্রীর সংখ্যা ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটরত নৌযান শ্রমিকদের বেতন কাঠামো ৫০ থেকে ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৫০ শতাংশ অতিরিক্ত পোশাক ধোলাইভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার ১২০ শতাংশ বৃদ্ধি। কিন্তু নৌযান শ্রমিক ফেডারেশন এ প্রস্তাবে রাজি নয় বলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ সোমবার প্রথম আলোকে জানান। শাজাহান খান বলেন, ‘নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটি অংশের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। আলাপ-আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান করব। আমি ব্যক্তিগতভাবে আজকের মধ্যেই সব সমস্যা মিটিয়ে ফেলার ব্যাপারে আশাবাদী।’ অন্যদিকে, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, ‘আমরা সরকারের কাছে বেতন-ভাতা ৩০০ শতাংশ বাড়ানোর দাবি করেছি। কারণ, সরকার এর আগে তা ৩০০ শতাংশ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল।’