নৌপরিবহনমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের অবনতিশীল পরিস্থিতির জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদকে দায়ী করেছেন ব্যবসায়ী নেতারা। আজ রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তাঁরা নৌপরিবহনমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম চেম্বারের সভাপতি, আওয়ামী লীগ-দলীয় সাংসদ এম এ লতিফ বলেন, একজন মন্ত্রী কিংবা একজন চেয়ারম্যানের ব্যর্থতার দায়ভার সরকার নেবে না। তাঁদের নিজেদের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত।‘বন্দর কার্যক্রমে অবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের পন্থা নির্ধারণ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৈঠকে বন্দর পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরির জন্য নয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি করা হয় চেম্বারের সভাপতি লতিফকে। বৈঠকে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম বলেন, চট্টগ্রাম চেম্বার বন্দর পরিস্থিতি উন্নয়নের দাবিতে রমজান মাসে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছে। তখনো মন্ত্রী, সচিব ও চেয়ারম্যানের ঘুম ভাঙেনি। তিনি বলেন, সিঙ্গাপুর থেকে একটি জাহাজ বন্দরে আসতে তিন-চার দিন লাগে, অথচ বন্দরে সেই পণ্য খালাস ও বোঝাই করে ফিরতে সময় লাগে ১১ দিন। বন্দরের সেবার মান অবনতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, নৌপরিবহনমন্ত্রী চট্টগ্রামে এলেও ব্যবহারকারীদের সঙ্গে গত এক বছরে একটি সভাও করেননি। সময় নেই বন্দর চেয়ারম্যানেরও। বন্দর পরিস্থিতির অবনতির কারণে গত চার মাসে তৈরি পোশাক রপ্তানিকারকদের বিমান ভাড়া গুনতে হয়েছে ৯০৫ কোটি টাকা। চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বন্দরের চেয়ারম্যান, পরিচালকেরা মিনিটে মিনিটে ঢাকায় যাচ্ছেন। বন্দরে কাজ করার সুযোগ পাচ্ছেন না। পুরাতন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘বন্দর থেকে গাড়ির যন্ত্রাংশ দেদার চুরি হচ্ছে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে গত চার মাসে একাধিকবার বন্দর চেয়ারম্যানের সাক্ষাত্ চেয়েও পাইনি।’প্রসঙ্গত, বন্দরের নিজস্ব তত্ত্বাবধানে জেটি পরিচালনা, দরপত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, শ্রমিক অসন্তোষসহ নানা কারণে চার মাস ধরে বন্দরের দক্ষতার অবনতি হচ্ছে। ফলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।বৈঠকে চট্টগ্রাম চেম্বারসহ বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশন, বারভিডা, বেসরকারি কনটেইনার ডিপোর মালিক সমিতিসহ বন্দর ব্যবহারকারী আটটি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।