নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য অশালীন
রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে দেওয়া নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য কুরুচিপূর্ণ ও অশালীন বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার সমালোচনা করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত শনিবার মাদারীপুরে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘ব্যারিস্টার রফিক (রফিকুল ইসলাম মিয়া) রাজাকার। আমি জানতাম না তাঁর বাড়ি কোথায়। টক শোর পর কুমিল্লা থেকে এক লোক আমাকে চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আপনি খোঁজ নিয়ে দেখেন ব্যারিস্টার রফিক রাজাকার। এলাকায় সবাই তাঁকে রফিক রাজাকার হিসেবেই চেনে।”’শাজাহান খানের ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নৌপরিবহনমন্ত্রীর এ ধরনের মিথ্যাচারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’ তিনি দাবি করেন, রফিকুল ইসলাম মিয়া ছাত্রজীবনে আইয়ুববিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিলেতে ছিলেন। তখন বিচারপতি আবু সায়েমের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সংগঠকের ভূমিকা পালন করেন। ওই সময় তিনি লন্ডনে গ্রেপ্তারও হয়েছিলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকী, ড. মুহাম্মদ ইউনূস, রফিকুল-উল হককে দলীয় স্বার্থে হেয় করতে দ্বিধা করেনি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। মানুষের চরিত্রে কালিমা লেপন করাই তাদের কাজ।বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে তথ্য পাচার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরেরও প্রতিবাদ জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘পত্রিকার খবর অনুযায়ী সেখান থেকে অডিও ও ভিডিও রেকর্ড করা যায়—এমন কলমসদৃশ ১৭টি যন্ত্র উদ্ধার করা হয়। এটি একটি সরকারি গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র বলে মনে করছি। বিএনপি যখন একের পর এক সাফল্য লাভ করছে, তখনই এ ধরনের অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা যায়।’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসিচর রুহুল কবির রিজভী, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।