বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় আজ সোমবার সাক্ষ্য দিয়েছেন নৌবাহিনী প্রধান জহির উদ্দিন আহমেদ। এ হত্যা মামলার বিচারে ঢাকা কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে তিনি সাক্ষ্য দেন।ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ এম আকতারুজ্জামানের আদালতে দেওয়া সাক্ষ্যে জহির উদ্দিন আহমেদ বিডিআর বিদ্রোহের ঘটনা সম্পর্কে বলেন, ‘সকাল ১০টায় পরিচালকের (ইন্টেলিজেন্স) মাধ্যমে আমি বিডিআরে গণ্ডগোলের খবর পাই। দুপুর একটার দিকে প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় যেতে বলা হয়। আমি তখন সেখানে যাই। ঘণ্টাখানেক পর প্রধানমন্ত্রী নিচে এসে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন।’নৌবাহিনীর প্রধান বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) আমাদের মতামত জানতে চান। তিনি আমাদের বলেন, দুটি পথ খোলা আছে—সমঝোতা, না হয় সামরিক অভিযান। কিন্তু ভেতরের অবস্থা বোঝা না যাওয়ায় সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না। পরে আমরা সমঝোতা করা ঠিক হবে বলে মত দিই। কিন্তু একই সঙ্গে সমঝোতা না হলে সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে কঠোর হস্তে বিদ্রোহ দমনের মতামত দিই। পরে প্রধানমন্ত্রী বের হয়ে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে তিনি বলেন, বিডিআর সদস্যরা সমঝোতার জন্য আসবে।’জহির উদ্দিন আহমেদ আরও বলেন, ‘কিছুক্ষণ পর ১২-১৪ জন বিডিআর সদস্য আসেন। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চস্বরে ও উত্তেজিত অবস্থায় কথা বলছিলেন। এ সময় বিদ্রোহী বিডিআর সদস্যরা তাঁদের দাবি-দাওয়ার মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রীকে লিখিতভাবে দিতে ও সংসদে পাস করে দিতে বলেন। প্রধানমন্ত্রী নিজে তাঁদের কাছে বিডিআরের কর্মকর্তাদের কথা জিজ্ঞেস করলে তাঁরা বলেন, সবাই ভালো আছেন। প্রধানমন্ত্রী তাঁদের অস্ত্র সমর্পণ করার এবং কর্মকর্তা ও তাঁদের পরিবারদের তখনি ছেড়ে দিতে বলেন। প্রধানমন্ত্রী তাঁদের বলেন, এখনই পিলখানায় ফোন করে অস্ত্র সমর্পণের নির্দেশ দাও। এরপর তিনি তিন বাহিনীর প্রধানদের দেখিয়ে বলেন, তোমরা আত্মসমর্পণ না করলে তাঁরা কঠিন অ্যাকশনে যাবেন। আলোচনার সময় বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের হত্যার বিষয় সম্পূর্ণ অস্বীকার করেন।’