নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। আজ শনিবার সকালে বাগেরহাটের মংলা নৌঘাঁটিতে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বিএনএস ধলেশ্বরী ও বিএনএস বিজয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বাংলাদেশের নিরাপত্তা ও জলসীমা রক্ষায় সজাগ দৃষ্টি রাখার জন্য নৌবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, নৌবাহিনীর পরবর্তী প্রজন্মকে আধুনিক ও গতিশীল করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সরকার নৌবাহিনীর জন্য চীন থেকে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণযোগ্য দুটি যুদ্ধজাহাজ আনার প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।সকাল ১০টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে মংলা নৌঘাঁটিতে পৌঁছে। সেখানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, তিন বাহিনীর প্রধান ও নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমডোর কমান্ডিং কে টি জামান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।যুদ্ধজাহাজ দুটির কমিশনিং শেষে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২৪ মিনিটে নৌবাহিনীর জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপইয়ার্ডের উদ্দেশে মংলা ত্যাগ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী, স্থানীয় সাংসদ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন।