নৌ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর ঘোষণা
নৌবাহিনীতে সাবমেরিন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র সংযোজন করা হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি ‘ডিটারেন্ট ফোর্স’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার ঘোষণা করেছেন। এ লক্ষ্যে ঘাঁটি-সুবিধাসহ নৌবাহিনীতে সাবমেরিন, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, নতুন ফ্রিগেট এবং অন্যান্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও ভেসেল সংযোজনের কথাও বলেছেন। একই সঙ্গে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌবাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল রোববার নৌবাহিনীর সদর দপ্তরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে ভাষণকালে এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির। ‘পরিবর্তনশীল বিশ্বে বঙ্গোপসাগরকে ঘিরে নতুন অর্থনৈতিক ও সামরিক শক্তি বিকশিত হচ্ছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত করার লক্ষ্যে ভারত, মিয়ানমার ও চীনসহ প্রতিবেশী দেশগুলোর জন্য চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর উন্মুক্ত করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, এতে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার।’শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ভারত থেকে সংগৃহীত দুটি পেট্রোল ক্রাফট দিয়ে নৌবাহিনীর যাত্রার সূচনা করেন। তিনি ১৯৭৪ সালের ১০ ডিসেম্বর একই সঙ্গে তিনটি প্রধান ঘাঁটি বা বিএনএস ঈশা খাঁ, হাজী মুহসীন ও তিতুমীর এবং পাঁচটি জাহাজ কমিশন করেন। নৌবাহিনীর উন্নয়নে আওয়ামী লীগের আগের শাসনামলে (১৯৯৬-২০০১) গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, তখন বিএনএস তিতাস, কুশিয়ারা ও বরকত কমিশন করা হয়। ১৯৯৮ সালে কোরিয়া থেকে আধুনিক এলপিসি ‘মধুমতী’ নির্মাণ করা হয়। ২০০১ সালে কোরিয়া থেকে অত্যাধুনিক ফ্রিগেট বা বিএনএস ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করা হয়। এ ছাড়া বিএনএস ‘শৈবাল’কে একটি আধুনিক জরিপ জাহাজে রূপান্তর করা হয়। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নৌবাহিনীকে একটি কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এ ছাড়া বিএনএস বঙ্গবন্ধুকে অপারেশনাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, সরকার দুটি হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া যুক্তরাজ্য থেকে দুটি অপশোর পেট্রোল ভেসেল সংগ্রহের কাজও এগিয়ে চলেছে। এ ছাড়া যুক্তরাজ্য থেকে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল সংগ্রহ এবং চীনে দুটি অত্যাধুনিক মিসাইল-সংবলিত লার্জ পেট্রোল ক্রাফট তৈরির প্রক্রিয়া চলছে। দেশে একটি ফিট ট্যাংকার এবং খুলনা শিপ ইয়ার্ডে পাঁচটি গানবোট তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট সংগ্রহের চেষ্টা চলছে। অপরদিকে চারটি মিসাইল বোট ও দুটি পেট্রোল ক্রাফট ক্ষেপণাস্ত্র সংযোজনের মাধ্যমে আধুনিকায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তিনটি পুরোনো ব্রিটিশ ফ্রিগেট প্রতিস্থাপন করা হবে। এ ছাড়া চীন সরকার হেলিকপ্টারসহ দুটি আধুনিক ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনীকে প্রদানে সম্মত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই জাহাজ দুটি নৌবহরে সংযোজিত হবে। নৌবাহিনীর কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর সদস্যদের বেতন বাড়ানো হয়েছে। সি-এলাউন্স প্রদানের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, জাতিসংঘ মিশনে নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি করার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।পরে প্রধানমন্ত্রী কর্মকর্তা ও নাবিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ মঞ্চে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রধান জেড ইউ আহমেদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নৌবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদর দপ্তরের বাগানে একটি গাছের চারা রোপণ করেন।সাংবাদিক নেতাদের সাক্ষাত্: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ‘তারা এ ব্যাপারে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার জন্য অপকৌশলের আশ্রয় নিচ্ছে’ উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করে তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। গতকাল রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাত্ করলে শেখ হাসিনা এই আহ্বান জানান। তিনি বলেন, জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত সবাই বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আলতাফ মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারা দেশের বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের প্রায় ৫০ জন সাংবাদিক-প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।