নৌমন্ত্রীর কারণে অকার্যকর বিআরটিসি ও বিআরটিএ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) অকার্যকর হয়ে পড়েছে।’সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে এভাবেই গতকাল মঙ্গলবার অভিযোগ তুলেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে জানানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে শাজাহান খানের বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা ও ওমর ফারুক চৌধুরী এ অভিযোগ তোলেন। পরে বিষয়টি নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা হয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সভায় উপস্থিত ছিলেন।তবে এ অভিযোগের দায় অস্বীকার করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত ভুল তথ্যের ভিত্তিতে সংসদীয় কমিটির দুজন সদস্য আমার ওপর ক্ষুব্ধ হয়ে এ ধরনের মন্তব্য করেছেন। মন্ত্রী হিসেবে সরকারি যেকোনো দপ্তরকে কার্যকর হতে সহায়তা করাই আমার দায়িত্ব বলে আমি মনে করি।’সভায় বলা হয়, শাজাহান খানের নেতৃত্বাধীন শ্রমিক সংগঠনগুলো দেশের কোনো রুটেই বিআরটিসির বাস চলতে দিতে চাইছে না। যেখানে বিআরটিসির বাস যেতে চায় সেখানেই তারা হাঙ্গামা করছে। বিআরটিএ চলছে তাঁর শ্রমিক সংগঠনের নির্দেশমতো। বৈঠক শেষে সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বলেন, বর্তমান নৌপরিবহনমন্ত্রী দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। কেউ হয়তো তাঁকে ভুলও বুঝিয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘বর্তমান সরকার চাঁদাবাজি সমর্থন করে না, কাউকে করতেও দেবে না। চাঁদাবাজি যেই করুন অবশ্যই বন্ধ করতে হবে। এসব অরাজকতার কারণে আমরা বিব্রত। যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’রাজশাহীর সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বিআরটিএর বিভিন্ন বিষয় তদন্তে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছিল। চালকের কারণে সড়ক দুর্ঘটনা ঘটলে যেন তার শাস্তি নিশ্চিত হয় সে জন্যই আমরা উপকমিটির পক্ষ থেকে কিছু সুপারিশ করি। কিন্তু শাজাহান খান আমার বিরুদ্ধে শ্রমিকদের উসকে দেন। তারা আমার কুশপুত্তলিকা পর্যন্ত পুড়িয়েছে।’এক প্রশ্নের জবাবে ফারুক চৌধুরী বলেন, ‘যাঁর সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই তাঁর হস্তক্ষেপের কারণে আমরা কাজ করতে পারছি না, এটিই সত্য ও বাস্তব।’নৌমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বৈঠকে উপস্থিত যোগাযোগমন্ত্রী কি বলেছেন জানতে চাইলে ফারুক চৌধুরী বলেন, ‘উনি আমাদের পক্ষেই বলেছেন।’ পদ্মা সেতুর নির্মান ব্যয়ঃ এদিকে, পদ্মা সেতুর অতিরিক্ত নির্মাণ ব্যয় ও রেলওয়ের লাইসেন্সের নামে প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার অপচয় করা নিয়ে স্থায়ী কমিটির সভায় তোপের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বিষয়টি নিয়ে আলোচনার এক পর্যায়ে মন্ত্রীর ওপর রাগ করে ওমর ফারুক চৌধুরী ও গোলাম মাওলা রনি বৈঠক থেকে চলে যেতে চাইলে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান তাদের শান্ত করেন বলে জানা গেছে। রেলওয়ের জায়গা উদ্ধার: সভায় রেলওয়ের অবৈধ দখলে থাকা জমির বর্তমান পরিস্থিতি এবং জায়গা উদ্ধারে করনীয় ঠিক করতে অপু উকিলের নেতৃত্বে একটি সংসদীয় উপ কমিটি গঠন করা হয়। উপ কমিটির অপর দুই সদস্য হলেন ওমর ফারুক চৌধুরী এবং গোলাম রেজা।সভায় জানানো হয়, রেলওয়ের বিপুল পরিমান জমি এখনও অবৈধ দখলে থাকলেও উদ্ধার করা যাচ্ছে না। সভায় রাজধানীর কমলাপুর এলাকায় সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের দখলে থাকা রেলওয়ের ৬৬ শতাংশ জমি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে মন্ত্রনালয়কে নির্দেশনা দেওয়া হয়।মুক্তিযোদ্ধাদের বয়সসীমাঃ সভায় জানানো হয়, মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর পর কোনো কোনো ক্ষেত্রে অনিয়ম দেখা যাওয়ার অভিযোগ উঠেছে। এজন্য মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী বিতর্কিত কর্মকর্তাদের যাবতীয় তথ্য পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছে কমিটি। কেউ মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে। অন্যান্য সরকারি দপ্তরের মত যোগাযোগ মন্ত্রনালয়ের কয়েকটি দপ্তরেও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরির সময়সীমা বাড়িয়েছেন।এ ব্যাপারে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান বলেন, কেউ কেউ ফায়দা লোটার জন্য মুক্তিযোদ্ধার ভুয়া সনদপত্র সংগ্রহ করছেন। এজন্য বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।