মুন্সিগঞ্জে মেঘনা নদীতে এমভি শরীয়তপুর-১ লঞ্চ দুর্ঘটনার জন্য নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেছে নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটি। কমিটির নেতারা বলেছেন, বারবার নৌ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি এবং নিরাপদ নৌপরিবহনব্যবস্থা গড়ে তুলতে না পারার কারণে মন্ত্রীর পদত্যাগ করাই শ্রেয়। আজ শুক্রবার পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের তাজুল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নৌমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদাসীনতা ও গাফিলতির কারণে প্রতিবছর দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটছে বলে অভিযোগ করেন বক্তারা। সংবাদ সম্মেলনে কমিটির উপদেষ্টা ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক অবৈধ নৌযান রোধে নদীবেষ্টিত এলাকাগুলোতে নৌ-থানা স্থাপনের প্রস্তাব করেন। তিনি বলেন, নৌ মন্ত্রণালয় বা সরকার যাত্রী নিরাপত্তা বা দুর্ঘটনার পর উদ্ধারের জন্য শক্তিশালী দল তৈরির পরিবর্তে ব্যস্ত থাকেন অন্য কাজে। এ অবস্থায় নৌমন্ত্রীর পদে থেকে লাভ কী?সড়ক ও নৌ দুর্ঘটনা-সংক্রান্ত আইন বিশ্লেষক ব্যারিস্টার সাদিয়া আরমান বলেন, এত বড় দুর্ঘটনার পর নৌমন্ত্রীর নিজের থেকেই সরে দাঁড়ানো উচিত ছিল। নৌ দুর্ঘটনা প্রতিরোধসহ নিরাপদ নৌপরিবহনব্যবস্থা গড়ে তুলতে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কমিটির চেয়ারম্যান তুষার রেহমান বলেন, এর আগে এমভি কোকো-৪ ও এমভি বিপাশা দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পর নৌমন্ত্রী দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। তাই এ মুহূর্তে তাঁর পদত্যাগ করা উচিত।সংবাদ সম্মেলন থেকে লঞ্চ দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ, লঞ্চটিতে অতিরিক্ত পণ্য ও যাত্রীবোঝাইয়ের জন্য মালিক ও সুরেশ্বর লঞ্চঘাটের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত পরিচয় নৌযানকে দ্রুত শনাক্ত করে এর মালিক ও চালককে আইনের আওতায় আনা, দুর্ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ ও কমিটির সুপারিশ বাস্তবায়নসহ নৌ দুর্ঘটনা রোধে ১৫ দফা সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) সভাপতি নুরুর রহমান, জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে, গ্রিন বেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসিম কাতাবী, ইনিশিয়েটিভ ফল পিসের (আইএফপি) নির্বাহী পরিচালক ইফমা হোসাইন, আইনজীবী এনামুল হক মোল্লা, লঞ্চমালিক নেতা বদিউজ্জামান বাদল ও সাহাবুদ্দিন মিলন প্রমুখ বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম।