নৌমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলমের বিরুদ্ধে মানহানি, হত্যাচেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। আদেশে বলা হয়, মামলাটি সংক্ষুব্ধ ব্যক্তি করেননি এবং অভিযোগের বিষয়ে বাদী প্রত্যক্ষদর্শী নন। তাই আদালত মামলাটি খারিজ করে দেন।আজ সকালে শাজাহান খান ও ইসরাফিল আলমের বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী শামীম কবির চৌধুরী বাদী হয়ে ওই মামলা করেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চোখ তুলে নেওয়ার হুমকি দেন নৌমন্ত্রী শাজাহান খান—এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়।২৩ অক্টোবর রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসের উপস্থাপনায় আরটিভিতে একটি সরাসরি টক শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে একপর্যায়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েন নৌমন্ত্রী শাজাহান খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। এ সময় উত্তেজিত হয়ে উভয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করেন।টক শোতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইসরাফিল আলম, সাংসদ গোলাম মাওলা রনি, সাংসদ রাশেদা বেগম হীরা, সাংবাদিক মনির হায়দার, র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও সর্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর উপস্থিত ছিলেন।