জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ
নৌমন্ত্রীর সঙ্গে জাহাজ মালিকসহ সংশ্লিষ্টদের বৈঠক, সিদ্ধান্ত হয়নি
আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণির মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গতকাল বুধবার চট্টগ্রাম থেকে ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। সেখানে মন্ত্রীসহ কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়। এতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটির গতিপথ এখনো সোমালিয়ার দিকে। বর্তমান গতিতে চলতে থাকলে জাহাজটি আগামী শনিবার দুপুরের মধ্যে সোমালিয়া দ্বীপে পৌঁছে যাবে। তবে ছিনতাইয়ের চার দিন পরও জাহাজের ২৬ বাংলাদেশি নাবিকের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি।ঢাকার বৈঠক সূত্র জানায়, বৈঠকে জাহাজটির সর্বশেষ অবস্থান এবং কীভাবে জাহাজ ও নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কিন্তু আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি।প্রায় ৪১ হাজার মেট্রিক টন নিকেলের আকরিক নিয়ে ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে গত রোববার বিকেলে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের উপগ্রহ ফোন, ফ্যাক্সসহ অবস্থান নির্ধারক যন্ত্র (এলআরআইএস) এখনো সচল আছে। এই এলআরআইএসের সাহায্যে জাহাজটির গতিবিধির ওপর জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং থেকে নজর রাখা হচ্ছে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘প্রায়ই ওই জাহাজের উপগ্রহ ফোন ব্যস্ত পাওয়া যাচ্ছে। এতে মনে হচ্ছে, জলদস্যুরা কারও সঙ্গে ফোনে কথা বলছে। তবে এসআর শিপিং কিংবা অন্য কোনো নম্বর থেকে টেলিফোন করা হলেও ওই প্রান্তে কেউ ফোন ধরছে না।’সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জাহাজের নিয়ন্ত্রণ চলে গেলে তারা জাহাজের উপগ্রহ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। তখন জাহাজটি কোথায় আছে, সেটা শনাক্ত করা সম্ভব না-ও হতে পারে।