নৌমন্ত্রীর সেই পুরোনো বয়ান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চালকেরা ঘাতকও নয়, খান সেনাও নয়। তারা জনগণের সেবক। চালক ইচ্ছা করে কাউকে খুন করে না।’আজ সোমবার বিকেলে সায়েদাবাদ বাস-টার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালকদের সচেতনতা বাড়াতে মালিক-শ্রমিক সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। ঢাকা মহানগর পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।সমাবেশে দুই মন্ত্রী আসার আগে বিভিন্ন শ্রমিক নেতা তাঁদের বক্তব্যে অভিযোগ করেন, যেকোনো সড়ক দুর্ঘটনার পর চালকদের একতরফাভাবে ঘাতক বলা হয়। আর যেন ঘাতক বলা না হয়, সে জন্য তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় উপস্থাপক বলেন, ‘আজকের বিষয় মালিক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি নিয়ে। আপনারা বিষয়বস্তুর বাইরে বক্তব্য দেবেন না।’ এর পরও একই বক্তব্য চলতে থাকলে সমাবেশের সভাপতি ও পরিষদের আহ্বায়ক এনায়েত উল্লাহ খান আসন থেকে উঠে মাইকে বিষয়বস্তুর ওপর বক্তব্য দিতে কড়া ভাষায় অনুরোধ জানান। এর কিছুক্ষণ পর সমাবেশে এসে নৌমন্ত্রী একই ধারায় বক্তব্য শুরু করেন।অবশ্য নৌমন্ত্রী পরক্ষণেই বলেন, ‘আমাদের কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য এ সমাবেশ থেকে শপথ নিতে হবে।’ নৌমন্ত্রী চালকদের পেশাগত ও আচরণগত প্রশিক্ষণ ও বিআরটিএতে জনবল বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চালকদের উদ্দেশে বলেন, ‘গাড়িতে উঠে যদি দিগ্বিজয়ী আলেকজান্ডার মনে করেন, তাহলে হবে না। মাদক নেওয়া, দ্রুত গতিতে গাড়ি চালানো, গাড়িতে অতিরিক্ত মালামাল ওঠানো ও ওভারটেক করা যাবে না।’ মন্ত্রী দূরপাল্লার গাড়িগুলোতে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ খতিয়ে দেখার জন্য বিভিন্ন পরিবহন মালিকদের প্রতি অনুরোধ জানান।যোগাযোগমন্ত্রী বলেন, ‘মন্ত্রীকে হতে হবে দেশের কর্মী। যোগাযোগমন্ত্রীকে থাকতে হবে রাস্তায়, সেতুতে। মন্ত্রী যদি জমিদারি ভাব নেন, মাটির দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকান, তাহলে এ দেশে কোনো কাজ হবে না।’ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার যে কত চাচা, কত মামা—অনেকেই তদবিরের জন্য আসেন। সুবিধা না পেয়ে কত আত্মীয় যে অনাত্মীয় হয়ে গেছে। ক্ষমতায় থাকলে কী, না থাকলে কী, তার পার্থক্য আমি দেখেছি।’ ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু এক ব্যক্তির মৃত্যু হয় না। এতে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক গতিশীলতার বিপর্যয় ঘটে।ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা বলেন, অসতর্কভাবে ও মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটে। গাড়ির মালিকের উচিত, গাড়ির ফিটনেস ঠিক রাখা।দুই মন্ত্রী আসার আগে শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন, চালকদের একতরফা ঘাতক যেন বলা না হয়। শ্রমিকদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা হলে তা হবে জুলুম।শ্রমিক নেতা আবদুল অদুদ বলেন, সড়ক দুর্ঘটনার পর চালকদের একতরফা ঘাতক বলা হয়। আবার চালকেরা যে একেবারেই দায়ী নয়, তা-ও সত্য নয়। সমাবেশে বাংলাদেশ সড়ক ও পরিবহন সংস্থার (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান, শ্রমিক নেতা নাসির উদ্দিন, আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।