নৌমন্ত্রীর ‘উদারতা’য় আয় কমছে বন্দরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য রাখার ভাড়া ও দণ্ডভাড়া (পেনাল রেন্ট) আংশিক কিংবা সম্পূর্ণ মওকুফ করে দিচ্ছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রচলিত বিধির অপব্যবহার করেই মন্ত্রী এটা করছেন বলে অভিযোগ উঠেছে।অনুসন্ধানে দেখা যায়, শাজাহান খান নয় মাসে প্রায় আট কোটি টাকা ভাড়া মওকুফ করেছেন। গত বছরের ৩১ জুলাই শাজাহান খান নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। আর আগস্ট থেকে গত এপ্রিল পর্যন্ত সময়ে তিনি এই ভাড়া মওকুফ করেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, ‘এভাবে ভাড়া মওকুফ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ, এতে সরকারের ক্ষতি হচ্ছে।’ তিনি বলেন, এভাবে মওকুফ করা হলে প্রশ্ন উঠতেই পারে, এ ধরনের উদারতা মন্ত্রী দেখাচ্ছেন কার স্বার্থে।বন্দরের আয়ের একটি বড় উৎস এই ভাড়া। বছরে বন্দরের আয় হয় ৭২০ কোটি টাকার মতো, আর এর ৬০ শতাংশই আসে ভাড়া থেকে। বন্দরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ আয়ই কমিয়ে দিচ্ছেন।মন্ত্রী শাজাহান খান মনে করেন, নয় মাসে আট কোটি টাকা ভাড়া মওকুফের বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, ‘কেউ মওকুফের আবেদন করলে আমি তো তাকে ফিরিয়ে দিতে পারি না। তার ওপর মন্ত্রী-সাংসদদের সুপারিশ থাকে। আপনি সুপারিশ করলে আমি কি ফেরাতে পারি?’শাজাহান খান আরও বলেন, ‘আগের মন্ত্রীরা ভাড়ার সম্পূর্ণটাই মওকুফ করতেন। এই ক্ষমতা মন্ত্রীর ছিল। আমি সেটা না করে একটি নীতিমালার ভিত্তিতে কিছু ভাড়া মওকুফ করছি।’বন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু কিছু বড় ব্যবসায়ী বাণিজ্যিকভাবে পণ্য আমদানির পর এসব পণ্য দিনের পর দিন বন্দরের জেটিতে রেখে দেন। নির্দিষ্ট সময়ের বেশি দিন পণ্য জেটিতে রাখলে নির্ধারিত ভাড়ার সঙ্গে দণ্ডভাড়া যোগ হয়। দীর্ঘ সময় পণ্যসামগ্রী পড়ে থেকে বন্দরে যাতে জট পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য এই দণ্ডভাড়া আরোপের বিধান বন্দর কর্তৃপক্ষের অধ্যাদেশেই রয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধ্যাদেশ ১৯৭৬-এ ভাড়া ঢালাও মওকুফের কোনো বিধান নেই। কেবল চট্টগ্রাম বন্দর পরিচালনা বোর্ড একমত হয়ে এক চালানের বিপরীতে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ভাড়া মওকুফ করতে পারে। তবে সামাজিক কল্যাণ, বিদেশি সাহায্য, দান-অনুদান কিংবা জরুরি ত্রাণের পণ্যের ক্ষেত্রে ভাড়া মওকুফের বিধান আছে।জানা গেছে, অতীতে ভাড়া মওকুফের জন্য বন্দর থেকে প্রস্তাব দেওয়া হতো। যেমন, সার-সংকটের সময়ে চীন সরকারের সহায়তা হিসেবে পাওয়া রাসায়নিক সার, বন্যা-পরবর্তী সময়ে অনুদানের বীজ এবং সৌদি আরব থেকে পাঠানো জাহাজভর্তি দুম্বার মাংসসহ এ ধরনের কিছু চালানের ভাড়া মওকুফের জন্য বন্দর কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় এবং মন্ত্রণালয় তা অনুমোদন করে।এই অধ্যাদেশের ২০ ধারায় যেকোনো পণ্য চালানের মোট ভাড়া-দণ্ডভাড়ার আংশিক কিংবা সম্পূর্ণ মওকুফের এখতিয়ার অবশ্য সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাব বন্দর থেকে দিতে হয়। নিয়ম হচ্ছে, আমদানিকারকেরা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন এবং বন্দর তা একমত হলে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে। অথচ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আমলের নয় মাসে বন্দর অধ্যাদেশের এই ২০ ধারার অপব্যবহার হয়েছে বলে জানা গেছে। এ সময়ে আবেদনকারীদের প্রায় প্রত্যেককেই ২৫ শতাংশ থেকে শুরু করে ১০০ শতাংশ পর্যন্ত ভাড়া মওকুফ করা হয়েছে। মধ্যস্বত্বভোগী একটি চক্রের মাধ্যমে এটা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট নথি ঘেঁটে দেখা গেছে, পণ্য আমদানির ভাড়া ও দণ্ডভাড়ার পরিমাণ বেশি হলেই আমদানিকারক-ব্যবসায়ীরা তা মওকুফের জন্য নৌপরিবহনমন্ত্রীর কাছে সরাসরি আবেদন করেন। নৌমন্ত্রী আবেদনপত্রের ওপর নিজ হাতে নোট লিখে ভাড়া মওকুফের সুপারিশ করেছেন। পরে মন্ত্রণালয় থেকে বন্দরে চিঠি দিয়ে এই ভাড়া কমানোর সিদ্ধান্ত জানানো হয়।তবে নৌমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন। শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আগে দালাল চক্র এটি করত, আমি এসে সব দালাল বের করে দিয়েছি। এখন যার পণ্য সেই এসে আবেদন করে, আমি সবাইকে সর্বোচ্চ ২৫ শতাংশ মওকুফ করে দিই।’তাঁর আমলে বাণিজ্যিক পণ্যের কয়েকটি চালানে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া মওকুফের উদাহরণ তুলে ধরা হলে মন্ত্রী বলেন, ‘এটা সম্ভবত তদবিরের কারণে হয়েছে।’বন্দর সূত্রে জানা গেছে, গত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শাসনামলের পাঁচ বছরেই (২০০১-০৬) মূলত এ ধরনের ভাড়া মওকুফের বিষয়টি চালু হয়। প্রয়াত আকবর হোসেন ওই সময়ে নৌমন্ত্রী ছিলেন। বিএনপি সরকার ক্ষমতা ছাড়ার কিছু আগে, জুন মাসে তিনি মারা যান। সে সময়ের ভাড়া মওকুফ-সংক্রান্ত ৫১২টি ফাইল দুই সপ্তাহ আগে দুর্নীতি দমন কমিশন বন্দর থেকে নিয়ে গেছে বলে জানা গেছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হকের এ সংক্রান্ত এক পত্রে বলা হয়েছে, ‘ওই পাঁচ বছরে মোট ১৭ কোটি টাকা ভাড়া মওকুফ করা হয়েছিল।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের দুই বছরে কোনো ভাড়া মওকুফ করা হয়নি বলে জানা গেছে।বড় ব্যবসায়ীরাই সুবিধা পাচ্ছেন: চট্টগ্রামের খাদ্যশস্য আমদানির সঙ্গে জড়িত ব্যবসাপ্রতিষ্ঠান ইমাম গ্রুপ। এই গ্রুপের আনিকা এন্টারপ্রাইজ, এস আর ট্রেডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তিনটি চালানে আমদানি করা ভোগ্যপণ্যের বন্দর ভাড়া থেকে মোট এক কোটি ৫২ লাখ টাকা মওকুফ করা হয়েছে। এ প্রসঙ্গে ইমাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘সম্পর্কের কারণে এটা সম্ভব হয়েছে।’গাড়ি আমদানিকারক মেসার্স হকস বে অটোমোবাইলস লিমিটেডের মালিক মো. আবদুল হকের দুটি চালানের গাড়ির প্রায় ২০ লাখ টাকা নৌমন্ত্রী মওকুফ করেছেন। এ প্রতিষ্ঠানের আরও প্রায় এক কোটি টাকা দণ্ডভাড়া মওকুফের জন্য মন্ত্রীর দপ্তরে নতুন করে ফাইল চালাচালি হচ্ছে বলে জানা যায়।বন্দর সূত্রে জানা গেছে, হকস বের গাড়ি বেশি দিন বন্দর জেটিতে পড়ে থাকে। জেটিকে ‘শোরুম’ হিসেবে ব্যবহার করে এখান থেকে গাড়ি বেচাকেনা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রতি আবদুল হককে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরের নির্মাণসংক্রান্ত কারিগরি কমিটির সদস্য করেছে।মো. আবদুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমাকে মন্ত্রী মহোদয় মোট ভাড়ার ২৫ শতাংশ মওকুফ করেছেন। আমার পুরো ভাড়া মওকুফ পাওয়া উচিত ছিল।’ তিনি বলেন, দণ্ডভাড়া মওকুফ করার সরকারি বিধান রয়েছে। তবে সবাই এটা নিতে পারে না।আরও প্রায় এক কোটি টাকার ভাড়া মওকুফ করানোর চেষ্টার বিষয়টি নিয়ে তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গাড়ি রাখার ভাড়া হঠাৎ চার গুণ বাড়িয়ে দেওয়ায় এ সমস্যা হয়েছে। এ নিয়ে তিনি আদালতের রায় পেয়েছেন বলে জানান।বন্দরের বিভিন্ন নথি অনুযায়ী, সর্বাধিক ভাড়া মওকুফ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বড় অংশই বিত্তশালী ব্যবসায়ী ও বড় বড় শিল্পপতির মালিকানার। এর মধ্যে চট্টগ্রামের মডার্ন স্টিল মিলস লিমিটেডের ৯৯ লাখ ৬৮ হাজার টাকা, ঢাকার মেট্রো স্টিল মিলস প্রাইভেট লিমিটেড ৯৩ লাখ ৯৪ হাজার ৪৮৮ টাকা, ওয়েস্টমন্ট পাওয়ার (বিডি) লিমিটেডের ৪১ লাখ ৬৪ হাজার টাকা, হাক্কানি করপোরেশনের ২৭ লাখ ৮৬ হাজার টাকা, ব্রাদার্স ট্রেডিংয়ের ১৯ লাখ ছয় হাজার টাকা, বিনিময় স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের ১৬ লাখ ৭৩ হাজার টাকা, হলি কার্গো এন্টারপ্রাইজের ১১ লাখ ৮৭ হাজার টাকা, ডিভাইন টেক্সটাইল লিমিটেডের আট লাখ ৩৬ হাজার টাকা, এমবিএ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের পাঁচ লাখ টাকা এবং নোমান কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের তিন লাখ ২০ হাজার টাকা মওকুফ করা হয়েছে। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আবার একাধিকবার এ সুযোগ পেয়েছে বলেও দেখা গেছে।