নৌযান ধর্মঘট প্রত্যাহার
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা নৌযান ধর্মঘট আজ শনিবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। বেতন কাঠামো সংশোধনসহ ২২ দফা দাবিতে ৭ মে থেকে সারা দেশে নৌযান ধর্মঘট পালিত হচ্ছিল। ধর্মঘট প্রত্যাহারের কারণে প্রধানত মংলা, খুলনা ও চট্টগ্রাম বন্দরে টানা আট দিন পর পুরোদমে কাজ শুরু হলো। কারণ, এর আগে গত ১৩ মে বিকেল থেকে সদরঘাটসহ অন্য বন্দরগুলোতে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেলে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদলের আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলমও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। যোগাযোগ করা হলে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলাম প্রথম আলোর কাছে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন। পরে দুটি স্থায়ী কমিটি ও ফেডারেশনের নেতাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার করা সব নেতা ও শ্রমিকের মুক্তি, দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘোষিত বেতনের ক্ষেত্রে অসামঞ্জস্যতা বিবেচনা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে আজ বিকেল পাঁচটার মধ্যে ধর্মঘটী নৌশ্রমিকদের কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ের সম্মেলন কক্ষে আবারও সংবাদ সম্মেলন করেন মন্ত্রী। তিনি বলেন, জনগণ সমর্থন করেনি বলে ধর্মঘট সফল হয়নি। মূলত তাঁর ‘আলটিমেটাম’ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের কাজে যোগ দেওয়ার বেঁধে দেওয়া সময়ের নোটিশ ধর্মঘট প্রত্যাহারে শতভাগ কাজ করেছে। তবে দুটি সংসদীয় কমিটির সভাপতি এ বিষয়ে আনুষ্ঠানিক ভূমিকা পালন করায় তিনি তাঁদের ধন্যবাদ জানান।সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে কাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী এবং তিনি বৈঠক করবেন। এ ছাড়া শ্রমিকদের গ্রেপ্তার করার যে ঘোষণা ছিল তা বৈঠক পর্যন্ত স্থগিত ঘোষণা করেন তিনি।সংবাদ সম্মেলনে শাজাহান খান বলেন, শ্রমিকদের বাইরে বহিরাগত মহলের ষড়যন্ত্রে নৌধর্মঘট ডাকা হয়। এমনকি সংসদীয় কমিটির সঙ্গে যখন ফেডারেশনের শ্রমিক নেতারা আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিচ্ছিলেন, সেই মুহূর্তে চট্টগ্রামে দুটি সংগঠনের লোকজন ‘লাইটারেজ শ্রমিক ইউনিয়ন’ কার্যালয়ে হামলা চালিয়ে কর্মীদের আহত করে। এ ছাড়া গতকাল শুক্রবার সন্ধ্যায় বুড়িগঙ্গা সেতু থেকে পাথর ছুড়ে লঞ্চযাত্রীদের আহত করা হয়।