নৌযান ধর্মঘট প্রত্যাহার হয়নি, তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা না হলেও আজ বৃহস্পতিবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে বলে দেখা গেছে। আজ ভোরে সদরঘাটে বিভিন্ন জায়গা থেকে অনেক লঞ্চ এসে জড়ো হয়েছে। একই সঙ্গে যোগ হয়েছে যাত্রীদের মাত্রাতিরিক্ত ভিড়।আজ সকালে সদরঘাট থেকে পারাবত-৯, সৈকত-৮, সুন্দরবন-৮সহ চারটি বড় লঞ্চ বরিশালসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। চাঁদপুরে উদ্দেশে ছেড়ে গেছে ঈগল ও ময়ূরী। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুরের পর ছেড়ে যাওয়ার জন্য আরও ১২টি লঞ্চ প্রস্তুতি নিচ্ছে।নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম দাবি করেছেন, নৌপরিবহনমন্ত্রী ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ধর্মঘট বানচালের ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি, শুধু ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। এ আহ্বানে শ্রমিক ও যাত্রীরা সাড়া দিয়েছে। শ্রমিক, মালিক ও যাত্রীদের মধ্যে সরকার হচ্ছে রেফারি। এটা তাদেরই বিষয়। এ সমস্যা সমাধানে আমাকে যেকোনো একপক্ষ নিতে হবে। হয় শ্রমিকদের পুরো দাবি মেনে নিয়ে আমাকে যাত্রীদের গলা কাটতে হবে, না হয় মালিকদের গলা কাটতে হবে। এ ক্ষেত্রে আমি বরং শ্রমিকদের অনেক দাবি মেনে নিয়ে মালিকদেরই গলা কেটেছি।‘শ্রমিকদের দাবি অনুযায়ী তাঁদের বেতন সর্বোচ্চ ৯০ শতাংশ বাড়ানো হয়, পরে তা ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু আমরা বা মালিক পক্ষ কখনই বেতন ৩০০ শতাংশ বাড়ানো হবে, এমন কোনো আশ্বাস দিইনি।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার কর্মচারীরা জানান, পরিস্থিতি এখন স্বাভাবিকের চেয়ে ভালো।