নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
নৌযান শ্রমিকদের বেতন স্কেল পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবিতে ডাকা কর্মবিরতি গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পালিত হয়। এ কারণে গতকালও বেশির ভাগ লঞ্চ, ট্রলার, কার্গো জাহাজের চলাচল বন্ধ ছিল। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন টঙ্গীতে বিশ্ব ইজতেমাগামী মুসল্লিরা। কাওড়াকান্দি-মাওয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চ ও ট্রলারের চলাচল ছিল স্বাভাবিক।প্রথম আলোর বিভিন্ন প্রতিনিধির পাঠানো খবর:কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্র জানায়, গতকাল সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে মাত্র ১৪টি যাত্রীবাহী লঞ্চ ছেড়ে আসে। ঢাকা নদীবন্দর ত্যাগ করে মাত্র আটটি। সব কটি লঞ্চ ছিল যাত্রীতে পরিপূর্ণ। যাত্রীরা ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে অবস্থান নেন। দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে যাত্রী ও মালামাল নামিয়ে টার্মিনালের বাইরে অবস্থান নেয়।হুলারহাটগামী মেহেরবানু বেগম (৩৫) জানান, ‘দু-দিন ধরে টার্মিনালে আসছি। লঞ্চ না চলায় আবার ফিরে যাচ্ছি। যাত্রীদের কথা বিবেচনা করে লঞ্চমালিক ও শ্রমিকদের লঞ্চ চালানো উচিত।’তবে লালমোহনগামী এমভি পাতারহাট লঞ্চের মালিক শাহাবুদ্দিন বলেন, ‘লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচলে কিছুটা সমস্যা রয়েছে।’বিক্ষোভ মিছিল: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম বলেন, ‘আমাদের ১৬ দফা দাবি আদায়ে সদরঘাট থেকে মিছিল বের নিয়ে প্রেসক্লাবের কাছে গেলে পুলিশ বাধা দেয়। সমস্যা সমাধানের জন্য লঞ্চমালিক ও সরকার কেউই যোগাযোগ করেনি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’তবে ঢাকা নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল হক খান বলেন, ‘নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার ও সমস্যা সমাধানের জন্য সরকার লঞ্চমালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করছে।’লঞ্চে আগুন: বিকেল চারটার দিকে সদরঘাট টার্মিনালের আওতাধীন ওয়াইজঘাট এলাকায় নোঙর করা অবস্থায় যাত্রীবাহী লঞ্চ এমভি সুরেশ্বর-১ লঞ্চের দ্বিতীয় তলায় কেবিনে আগুন ধরে। খবর পেয়ে ওয়াইজঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে লঞ্চের ১০-১২টি কেবিন পুড়ে গেছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, কারও সিগারেট থেকে আগুনের সূত্রপাত।চাঁদপুর: চাঁদপুর নৌবন্দরে গতকালও নৌযান শ্রমিকদের কর্মবিরতি ছিল। তবে বিশ্ব ইজতেমাগামী যাত্রীদের চাপে বুধবার দিবাগত রাত ১২টায় এমভি ময়ূর ও গতকাল সকাল ১০টায় ঈগল-২ ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে ঢাকা ও নায়ায়ণগঞ্জগামী অন্যান্য লঞ্চ না ছাড়ায় চাঁদপুর ও ইচলী লঞ্চঘাটে ইজতেমাগামী হাজার হাজার যাত্রী অপেক্ষা করেন।মাদারীপুর: বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ বাতেন বলেন, স্বাভাবিকভাবেই ফেরি চলাচল করছে। এ ছাড়া লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলছে। অন্য দিনের মতোই ঘাটের পরিস্থিতি স্বাভাবিক।সেভেন স্টার ও সম্রাট লঞ্চের মালিক আবদুল কাদের বলেন, ‘কাওড়াকান্দি ঘাটে কোনো শ্রমিক ইউনিয়ন নেই। তাই দাবি-দাওয়ার জন্য ধর্মঘট হচ্ছে না।’