নৌযানশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
কর্মবিরতি প্রত্যাহার করেছেন নৌযানশ্রমিকেরা। সরকার বেতন-ভাতা ২০ শতাংশ বাড়ানোর আশ্বাস দেওয়ায় শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।বাংলাদেশের নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর আলম প্রথম আলো ডটকমকে বলেন, আজ শুক্রবার বেলা তিনটার দিকে সরকার ও লঞ্চমালিকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান শ্রমিকদের মূল বেতনের সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ বেতন বাড়ানোর আশ্বাস দেন। এ কারণে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ঢাকা নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল হক খানও কর্মবিরতি প্রত্যাহারের কথা নিশ্চিত করেছেন।গত বুধবার থেকে বেতন স্কেল পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবিতে নৌযানশ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এ কারণে গতকাল বৃহস্পতিবারও বেশির ভাগ লঞ্চ, ট্রলার, কার্গো জাহাজের চলাচল বন্ধ ছিল। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন টঙ্গীতে বিশ্ব ইজতেমাগামী মুসল্লিরা।