নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে লঞ্চসহ যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। ২১ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে।নতুন ভাড়া অনুযায়ী এক থেকে ১০০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটার মাথাপিছু ভাড়া এক টাকা ১৮ পয়সার স্থলে ১২ পয়সা বাড়িয়ে এক টাকা ৩০ পয়সা করা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ৮৮ পয়সা থেকে ১২ পয়সা বাড়িয়ে এক টাকা এবং ন্যূনতম ভাড়া ১০ টাকার স্থলে ১২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা এবং বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিদলের সঙ্গে নৌযানের ভাড়া পুনর্নির্ধারণসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।গত মাসে ডিজেলের দাম বাড়ায় ভাড়া পুনর্নির্ধারণের জন্য লঞ্চ-মালিকেরা দাবি জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২ জুন সরকার একটি কমিটি গঠন করে। কমিটি বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ভাড়া পুনর্নির্ধারণের জন্য একটি খসড়া তৈরি করে, যা গতকাল অনুমোদন করা হয়। প্রসঙ্গত, ২০০৮ সালে সর্বশেষ যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল।গতকালের বৈঠকে যাত্রীসেবা বাড়ানোর লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লঞ্চ-মালিকদের বিভিন্ন নির্দেশনা পালনের অনুরোধ জানানো হয়। এগুলোর মধ্যে আছে—বিভিন্ন রুটে লঞ্চ রোটেশন পদ্ধতিতে পরিচালনা না করে যাত্রীদের চাহিদা অনুযায়ী লঞ্চ পরিচালনা করা, যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিটের জন্য রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন ও গুলিস্তানের আশপাশের এলাকায় টিকিট বিক্রয় কেন্দ্র স্থাপন করা, দুর্ঘটনা এড়াতে লঞ্চে ওঠার সময় লঞ্চঘাটের সিঁড়ির সঙ্গে হাতল যুক্ত করা, নদীদূষণ রোধে লঞ্চের ভেতর ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ময়লার বাক্স রাখা এবং যাত্রীদের সচেতন করতে মাইকিং করা, দক্ষ মাস্টার-চালক দিয়ে লঞ্চ পরিচালনা করা, লঞ্চে পর্যাপ্ত লাইফবয়া, বিশুদ্ধ খাবার পানি রাখা, লঞ্চঘাটে যাত্রী টানাহেঁচড়া না করা এবং টিকিটে ভাড়ার পরিমাণ উল্লেখ করা ইত্যাদি।বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ, লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সহিদুল ইসলাম ভূঁইয়া, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।