নৌশ্রমিকদের কাজে যোগ দিতে মন্ত্রীর আল্টিমেটাম
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে সব নৌশ্রমিককে (ড্রাইভার, মাস্টার, লস্কর ও সুকানি) কাজে যোগ দেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন। কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ লাইসেন্স বাতিল করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। নৌপরিবহনমন্ত্রী মালিকদের কাল সন্ধ্যার মধ্যে লঞ্চ নামাতে নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। মন্ত্রী বলেন, নির্দেশ অমান্য করলে যেকোনো ঘটনার দায়-দায়িত্ব তাঁদের ওপরই বর্তাবে। এ ক্ষেত্রে সরকারের কোনো দায়-দায়িত্ব থাকবে না। তিনি দাবি করেন, নৌযান ধর্মঘট আইনবহির্ভূত। যারা ধর্মঘট ডেকেছে, তারা প্রত্যাহার করলেই কেবল আলোচনা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। গ্রেপ্তারের ভয়ে মালিকেরা কাজে যোগ দিচ্ছেন না বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে তিনি বলেন, ‘আপনারা (মালিক) কাজে যোগ দেন। ভয়ের কিছু নেই।’শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, শ্রম আইন অনুযায়ী এ ধর্মঘট অবৈধ।