ন্যাটো বাহিনীর আরও ২৮ তেলবাহী ট্যাংকারে আগুন
পাকিস্তানে একজন কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীরা আজ শনিবার ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর জন্য তেল বহনকারী আরও ২৮টি ট্যাংকারে আগুন ধরিয়ে দিয়েছে।ওই অঞ্চলের শিবি শহরের একটি হোটেলের কাছে রাস্তার পাশেই তেলবাহী ট্যাংকারগুলো পার্কিং করা ছিল। এ সময় প্রায় ২০ জন বন্দুকধারী ট্যাংকারগুলো লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে এবং পরে রকেট নিক্ষেপ করে। এতে ২৯টি ট্যাংকারের মধ্যে ২৮টিতে আগুন ধরে যায়। এ ঘটনায় একজন আধাসামরিক সেনা আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। ট্যাংকারগুলো সীমান্তবর্তী চামান শহরের দিকে যাওয়ার অপেক্ষায় ছিল।গত ৩০ সেপ্টেম্বর পাকিস্তান-আফগান সীমান্তে যুক্তরাষ্ট্রের এক হেলিকপ্টার হামলায় দুজন পাকিস্তানি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার পর থেকে পাকিস্তানের সন্দেহভাজন জঙ্গিরা ন্যাটোর তেলবাহী ট্যাংকার ও রসদবাহী লরিতে ধারাবাহিকভাবে হামলা ও আগুন ধরিয়ে দিচ্ছে।উল্লেখ্য, পাকিস্তানি সেনা নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছিল।—বিবিসি