ন্যাটো বিমান হামলায় ৫ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি আবাসিক ভবনে আজ রোববার সকালে ন্যাটোর বিমান হামলায় পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। লিবিয়ার সরকারি কর্মকর্তারা এ দাবি করেছেন বলে বিবিসি অনলাইনে জানানো হয়েছে। লিবিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, ত্রিপোলির পূর্বাঞ্চলের শুক আল জুমা শহরের আবাসিক এলাকার একটি তিনতলা ভবনে ন্যাটো বিমান হামলা চালিয়েছে। এতে ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। পরে তারা ত্রিপোলির একটি হাসপাতালে সাংবাদিকদের নিয়ে মৃতদেহগুলো দেখান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম বলেছেন, ‘ন্যাটো ইচ্ছাকৃতভাবেই সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছে। এটা পশ্চিমা নৃশংসতার আর একটি নমুনা।’লিবিয়া সরকারের এই অভিযোগ সম্পর্কে ন্যাটোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।